আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ।
সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। এই সিরিজে স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে দুই ডোজ কভিড টিকা নেয়া দর্শকেরাই কেবল ঢুকতে পারবেন।
মাঠে প্রবেশের সময় টিকা গ্রহণের সার্টিফিকেট দেখাতে হবে। অবশ্য ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।
আজ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাচ্ছে ম্যাচের টিকিট। এবার অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকছে না। ফলে বুথ থেকেই সংগ্রহ করতে হবে টিকিট। সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। তবে টিকিট যদি অবিক্রিত থাকে, তাহলে ম্যাচের দিনও বুথ থেকে সংগ্রহ করা যাবে।
এবার টিকিটের সর্বনিম্নমূল্য রাখা হয়েছে ১০০ টাকা। এই টিকিটে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকেটের মূল্য ১৫০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকেটের মূল্য ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজার টাকা। আপাতত ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়া হবে।










