আসন্ন বাংলাদেশ সফরের টেস্ট দলে চোটগ্রস্ত ম্যাট হেনরির জায়গা নিলেন বামহাতি ফাস্ট বোলার নেইল ওয়াগনার। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই পরিবর্তনের কথা জানায়।

গত ১ নভেম্বর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন হেনরি। ওই চোটে পরে আর কোনো ম্যাচ খেলা হয়নি তার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে আশায় ছিল নিউজিল্যান্ড বোর্ড। যদিও পরে স্ক্যান করে দেখা গেছে, তার চোটগ্রস্ত জায়গা এখনো পুরোপুরি সেরে ওঠেনি।

নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘বাংলাদেশ সফরে নেইলের (ওয়াগনার) স্কিল ও অভিজ্ঞতা পাওয়াটা হবে দারুণ ব্যাপার। রেকর্ড তো তার কথা বলেই। এছাড়া তিনি একজন লড়াকু খেলোয়াড় হিসেবে পরিচিত। উপমহাদেশে তার খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমার মনে হয়, সে দলভুক্তিতে উচ্ছ্বসিতই হবে।’

নিউজিল্যান্ডের হয়ে ৬৩টি টেস্ট খেলেছেন ওয়াগনার। গত বছর মার্চে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি, যেটি নিউজিল্যান্ডেরও সর্বশেষ টেস্ট। বাংলাদেশ সফরে স্পিনকে অগ্রাধিকার দেয়ায় প্রথমে জায়গা পাননি ওয়াগনার। হেনরির চোটে তার কপাল খুলল।

গত ১৫ নভেম্বর মুম্বাইয়ে বিশ্বকাপ সেমিফইনাল খেলা নিউজিল্যান্ড দলের অধিকাংশ সদস্য এ মুহূর্তে দুবাইয়ে বিশ্রাম নিচ্ছেন ও বাংলাদেশ সিরিজের জন্য নিজেদের তৈরি করছেন। দুবাই থেকেই তারা আসবেন সিলেটে। ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেট কিপার), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারলি মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইস সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং, নেইল ওয়াগনার।