টানা আট জয়ে চলতি বিপিএলে সবার আগে প্লে-অফে নাম লেখানো রংপুর রাইডার্স পরের টানা চার ম্যাচ হেরে বসে। ছন্দ হারানো এই দলটি শীর্ষস্থানের পর এবার দ্বিতীয় স্থানও হারাল। আজ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে গেছে চট্টগ্রাম কিংস, সেই সঙ্গে রংপুরকে তারা নামিয়ে দিয়েছে তিনে!

টেবিলের দুইয়ে ওঠার সুফল হিসেবে প্লে-অফে দুটি সুযোগ পাবে কিংস। সোমবার সন্ধ্যায় তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বরিশালের মুখোমুখি হবে। ওইদিন দুপুরে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে রংপুর। কিংস হারলেও বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। শুক্রবার একাদশ বিপিএলের ফাইনাল।

আজ পারভেজ হোসেন ইমন (৪১ বলে ৭৫), হায়দার আলী (২৩ বলে ৪২) ও শামীম হোসেনের (১২ বলে ৩০) ব্যাটে ভর করে ৪ উইকেটে ২০৬ রানের সৌধ গড়ে কিংস। জবাবে বরিশাল ৬ উইকেটে ১৭৬ রান তুলতে সমর্থ হয়। ডেভিড মালান সর্বোচ্চ ৬৭ রান করেন ৩৪ বলে। মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৪০ রান করে। ম্যাচসেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন।

আজ দুপুরের ম্যাচে খুলনা ৬ উইকেটে হারায় ঢাকা ক্যাপিটালকে।