রবের্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহর গোলে সান সিরো থেকে জয় নিয়ে ফিরেছে লিভারপুল। গতকাল রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। এ জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আগামী ৯ মার্চ ঘরের মাঠ অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল।

আরেক ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব আরবি সালসবুর্গের বিপক্ষে ৯০ মিনিটের সময় কিংসলে কোম্যানের গোলে হার এড়ালো বায়ার্ন মিউনিখ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ঘরের মাঠ রেড বুল অ্যারেনায় আদামুর গোলে শুরুতে এগিয়ে যায় সালসবুর্গ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান ফরাসি স্ট্রাইকার কোম্যান।

বুধবার রাতে ইন্টারের মাঠে প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে লিভারপুল। কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে ভাঙতে পারেনি স্বাগতিকদের রক্ষণভাগ। সুযোগ পেয়েছিল স্বাগতিকরাও, কালহানাগ্লুর শট ক্রসবারে লেগে না ফিরলে পেতে পারতো গোল। 

ম্যাচের ষষ্ঠ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের গতির শট জাল খুঁজে পায়নি। ১৪ মিনিটে দারুণ সুযোগ পায় লিভারপুল। রবার্টসনের বিপদজনক ফ্রি-কিকে ডাইভিং হেড নিয়েছিলেন সাদিও মানে কিন্তু তা ক্রস বারের খানিকটা উপর দিয়ে চলে যায়। ১৬ মিনিটে কালহানাগ্লুর শট ক্রসবারে লেগে ফিরে এলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলকে চেপে ধরে অতিথিরা তবুও। ৫৩ মিনিটে দারুণ আক্রমণে যায় ইন্টার। বাঁ দিক থেকে পেরিসিসের খানিকটা উঁচু ক্রস গোলমুখে মাথা লাগাতে পারেনি মার্টিনেজ।

৭৫ মিনিটে সান সিরোকে স্তব্দ করে লিভারপুলকে এগিয়ে নেন রবার্তো ফিরমিনো। রবার্টসনের কর্নারে খানিকটা সামনে এগিয়ে এসে ব্যাক হেডে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮৩ মিনিটে লিভারপুলের লিড বাড়িয়ে নেন মোহাম্মদ সালাহ। বক্সের ভেতর থেকে তার নেয়া নিচু শট খুঁজে পায় জালের দেখা। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি ইন্টার মিলান।