ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ব্যাটে ভর করে শিরোপাপ্রত্যাশী শেখ জামাল ধানমন্ডিকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই হারে শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল শেখ জামালের। তাদের হারের সুযোগটা নিতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। তারা ৮১ রানে হেরেছে আবাহনীর কাছে।
বিকেএসপিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩২ রান তোলে শেখ জামাল। নুরুল
হাসান সোহান ১০৫ বলে সর্বোচ্চ ৭১ রান করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৪৭ ও পারভেজ
রসুল ৩৭ রান করেন। তাইজুল ইসলাম ৪২ রানে তিনটি ও রাকিবুল হাসান ৩৫ রানে দুটি উইকেট
নেন।
জবাবে এনামুল ও তামিম ওপেনিং জুটিতে ১২১ রান তুলে দেয়ার পর জয় নিয়ে আর
ভাবতে হয়নি প্রাইম ব্যাংককে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল ৬৬ বলে ৫২ রান
তুলে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে শাহাদাত হোসেনকে নিয়ে ৫৩ রান যোগ করেন তামিম।
জাতীয় দলের তারকা ৮৫ বলে ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৯০ রান করে পারভেজ রসুলের শিকার
হন। এরপর দলনায়ক মোহাম্মদ মিঠুনকে (৩১*) নিয়ে বাকি রানগুলো সংগ্রহ করেন শাহাদাত (৫২*)।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৭৯ রান তোলে
আবাহনী। নাজমুল হোসেন শান্ত ৮৬ ও আফিফ হোসেন ৬২ রান করেন। সাকিব আল হাসান ৫৩ রানে
তিনটি ও আল-আমিন হোসেন ৩৭ রানে দুটি উইকেট নেন।
জবাবে মোসাদ্দেক হোসেন
(৪/৪০) ও তানভির
ইসলামের (৩/৩৫) ঘূর্ণিতে বেসামাল রূপগঞ্জ ৪১.৫
ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায়। ২৮ রান করার পর ৪ উইকেট শিকার করা মোসাদ্দেক হয়েছেন
ম্যাচসেরা খেলোয়াড়।
আজ বিকেএসপিতে অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে (২৩০/১০) ৮৪ রানে হারিয়েছে রূপগঞ্জ
টাইগার্স ক্রিকেট ক্লাব
(৩১৪/৪)।
১২ রাউন্ড শেষে শেখ জামালের পয়েন্ট ছিল ২২, আর লিজেন্ডস অব রূপগঞ্জের ১৮। নিজেদের
ম্যাচটি জিতলে আজই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারতো শেখ জামালের। যদিও তারা
গুরুত্বপূর্ণ এই সময় এসে হেরেই বসল, যা চলতি লিগে তাদের মাত্র দ্বিতীয় হার। অবশ্য ২৬ ও ২৮ এপ্রিল আরো দুটি
সুযোগ পাবে ইমরুল কায়েসের দল। ১৩ রাউন্ড শেষে এখন তাদের পয়েন্ট ২২, সমান ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের
ঝুলিতে ১৮ পয়েন্ট।
২৬ এপ্রিল আবাহনীর মুখোমুখি হবে শেখ জামাল, আর লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে গাজী
গ্রুপের বিপক্ষে। এদিন শেখ জামাল জিতলেই তাদের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। আর তারা
হারলেও শিরোপা উত্সব করবে যদি কিনা গাজী গ্রুপের কাছে রূপগঞ্জ হেরে যায়। এমনকি, শেখ জামাল শেষ দুটি ম্যাচে হেরে গেলেও
চ্যাম্পিয়ন হবে যদি লিজেন্ডস অব রূপগঞ্জ দুটিতেই বড় ব্যবধানে না জিততে পারে।










