সিলেটে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা বিভাগকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো। মঙ্গলবার ফাইনালে তারা মুখোমুখি হবে রংপুর বিভাগের। শনিবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের কাছে হেরে যায় ঢাকা মেট্রো। এবার ফাইনালে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে তাদের সামনে।

আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১১৯ রান তুলতে সমর্থ হয় ঢাকা মেট্রো। অধিনায়ক নাঈম শেখ ৫৩ বলে ৫৭ ও শহিদুল ইসলাম ১৯ বলে ১৬ রান করেন। খুলনার মাসুম খান টুটুল, শেখ পারভেজ জীবন ও মেহেদী হাসান রানা ২টি করে উইকেট নেন।

১২০ রান তাড়া করতে নেমে ৮১ রানে অলআউট খুলনা। মোসাদ্দেক হোসেন সৈকত ১৩ রানে ৩টি, রাকিবুল হাসান ১৬ রানে ২টি ও মারুফ মৃধা ২০ রানে ২টি উইকেট নেন। খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান সর্বোচ্চ ২২ রান করেন ১৮ বলের মোকাবেলায়। এছাড়া এনামুল হক বিজয় ১৫ বলে ১৬ ও টুটুল ২৫ বলে ১৬ রান করেন। আজিজুল হাকিম ও ইমরুল কায়েসের উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বামহাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল হাসান।

মঙ্গলবার সোয়া একটায় প্রথম এনসিএল টি-টোয়েন্টি আসরের ফাইনালে মুখোমুখি হবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো।