বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ওয়ানডে ও টি২০ দলে এসেছে বড় পরিবর্তন। অধিনায়ক জস বাটলারসহ মোট ছয়জনকে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন টেস্ট ব্যাটার ওলি পোপ, অনভিষিক্ত সিমার জন টার্নার ও জস টং।

বিশ্বকাপ খেলা মঈন আলী, আদিল রশিদ ও ক্রিস ওকস বাদ পড়েছেন ওয়ানডে দল থেকে। যদিও টি২০ সিরিজে আছেন তিনজনই। ওপেনার ডেভিড মালান কোনো দলেই নেই। বিশ্বকাপে তিনিই ছিলেন ইংল্যান্ড দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

বাটলার ছাড়া বিশ্বকাপ দলের হ্যারি ব্রুক, গাস অ্যাটকিসন, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন ও ব্রাইডন কার্স যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে। যদিও লিভিস্টোন ছাড়া বাকিরা বিশ্বকাপে সুযোগ পাননি বলেই চলে। বিশ্বকাপে আঙুলের চোটে পড়া পেস বোলার রিস টপলি পাঁচ ম্যাচের টি২০ সিরিজে জায়গা ধরে রেখেছেন।

আগামী সপ্তাহে হাঁটুতে অস্ত্রোপচার করাবেন বলে দলে নেই বেন স্টোকস। আর পেস বোলার ডেভিড উইলি অবসর নিয়েছেন।

গত শনিবার কলকাতায় পাকিস্তানের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ আসর শেষ করেছে ইংল্যান্ড। বিশ্বকাপের পর আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংলিশরা। সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি২০ ম্যাচ খেলবে ইংলিশরা। অ্যান্টিগায় ৩ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। বারবাডোজে ১২ ডিসম্বর শুরু হবে টি২০ সিরিজ।

ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাক, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জস টং, জন টার্নার।

ইংল্যান্ড টি২০ স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাক, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জস টং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।