আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের কাছে ১১০ রানে হেরেছে বাংলাদেশ। হ্যামিল্টনে আগে ব্যাট করে ৭ উইকেটে ২২৯ রান সংগ্রহ করে ভারতের নারীরা। জবাবে ৪০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। এ জয়ে সেমিফাইনালের পথে টিকে থাকল মিতালি রাজের দল।

 

আট দলের আসরে ছয় ম্যাচে তিনটি করে জয় ও পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ভারত। পাঁচ ম্যাচে একটি জয় ও চারটি হারে সাত নম্বরে বাংলাদেশ।

 

২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের কোনো ব্যাটারই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সর্বোচ্চ ৩২ রান করেন সালমা খাতুন। এছাড়া লতা মণ্ডল ২৪ ও মুরশিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৯ রান। ছয় ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামান ভারতের অফস্পিনার স্নেহ রানা। ১০ ওভারে ৩০ রান দিয়ে নেন চারটি উইকেট তিনি। ঝুলন গোস্বামী ও পূজা বস্ত্রাকর দুটি করে উইকেট নেন।

 

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ইয়াসতিকা ভাটিয়ার ৮০ বলে ৫০ রানের দায়িত্বশীল ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় ভারত। এছাড়া স্মৃতি মান্ধানার ৩০, শেফালি ভার্মার ৪২, বস্ত্রাকরের ৩০, স্নেহ রানার ২৭ রানে ভর করে ২২৯ রান তোলে মিতালি রাজবাহিনী। বাংলাদেশের হয়ে রিতু মনি ১০ ওভারে ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইয়াসতিকা ভাটিয়া।

 

আজ দিনের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলকে ৫ উইকেটে পরাজিত করেছে অস্ট্রেলিয়া।