ক্যামেরুনের দি ওলেম্বে স্টেডিয়ামে আজ রাতে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে মিসর ও সেনেগাল। বাংলাদেশ সময় রাত ১টায় খেলাটি শুরু হবে। এর আগে রাত ১০টায় আহমাদু আহিদজো স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে বুরকিনা ফাসো ও স্বাগতিক ক্যামেরুন।

আফ্রিকার ৩৩তম মহাদেশীয় আসরের ফাইনাল ম্যাচে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে লিভারপুলের দুই সতীর্থ সেনেগালের সাদিও মানে ও মিসরের মোহাম্মদ সালাহকে ঘিরে। ক্লাবের দুই সতীর্থ, জাতীয় দলে আজ প্রতিপক্ষ। আবার মার্চে বিশ্বকাপ বাছাইয়ের শেষ রাউন্ডেও মুখোমুখি হবেন এ দুই তারকা। আজ নেশনস কাপ ফাইনালেও ম্যাচের সবটুকু আলো থাকবে এ দুজনের ওপর।

এ নিয়ে আফ্রিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তৃতীয়বার ফাইনাল খেলবে সেনেগাল। ২০০২ ও সর্বশেষ ২০১৯ আসরের রানার্সআপ তারা। যদিও একবারও নিজেদের সেরা প্রমাণ করতে পারেনি ‘দ্য লায়নস অব তেরাঙ্গা’রা। কালিদু কালিবালির নেতৃত্বে আরো একবার তাদের সামনে সুযোগ এসেছে শ্রেষ্ঠত্ব অর্জনের। এজন্য দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন সাদিও মানে। এরই মধ্যে চলতি আসরে তিন গোল ও দুই অ্যাসিস্ট করেছেন এ ফরোয়ার্ড।

অন্যদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন মিসর। দশমবারের মতো ফাইনাল খেলবে ‘ফারাও’রা। ২০১৭ আসরে ফাইনাল খেললেও তাদের সর্বশেষ শিরোপা এসেছে ২০১০ সালে। ফাইনাল মানেই মিসরীয়দের বাজিমাত। আগের নয়বার ফাইনাল খেলে সাতবারই তারা শিরোপা ছুঁয়েছে! আরেকবার ফেভারিট হিসেবে নামছে মিসর। ফারাওদের আশার পালে হাওয়া দিচ্ছেন অধিনায়ক সালাহ, যিনি চলতি আসরে দুই গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। লিভারপুল স্ট্রাইকার জ্বলে উঠলে মিসরের শোকেসে জমা পড়তে পারে আরেকটি মহাদেশীয় মুকুট।

তবে আসরের শুরু থেকে ফাইনাল পর্যন্ত মিসরের পুরো পথটা মসৃণ ছিল না। গ্রুপ পর্বে নাইজেরিয়ার কাছে ১-০ হারে শুরু, এরপর সুদানকে ১-০ ও গিনি বিসাউকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্টে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠে মিসর। নকআউটও ছিল কঠিন চ্যালেঞ্জের, তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী দলগুলোকে। সবক’টি ম্যাচে তারা খেলেছে ১২০ মিনিট! কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে জিতলেও শেষ ষোলোয় আইভরি কোস্ট ও সেমিফাইনালে ক্যামেরুনের বিপক্ষে তারা জেতে টাইব্রেকারে।

১২ বারের মুখোমুখিতে মিসর ছয়টি ও সেনেগাল চারটি ম্যাচে জয় পায়, দুটি খেলা ড্র হয়। তবে সর্বশেষ দুই দেখায় মিসর পরাস্ত হয়েছে। ২০১৪ সালের ওই দুটি ম্যাচও ছিল নেশনস কাপে। বিবিসি