দুই মাসেরও অধিক সময়ের লড়াইশেষে এখন টিকে আছে তিনটি দল—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস। এর মধ্যে বেঙ্গালুরু এরই মধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে। আরেক ফাইনালিস্ট নির্ধারণ হবে আজ। গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব ও মুম্বাই। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর কাছে হেরে যায় পাঞ্জাব। আজ তারা ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে। যদিও তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। হার্দিক পান্ডিয়ার দল এলিমিনেটর ম্যাচে হারিয়েছে গুজরাট টাইটানসকে। মুম্বাইয়ের ২২৮ রানের জবাবে গুজরাট তুলেছিল ২০৮ রান।

আজকের লড়াইটা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই বনাম প্রথম শিরোপার আশায় খেলা পাঞ্জাবের। হার্দিক পান্ডিয়া বনাম শ্রেয়াস আইয়ার। জশপ্রীত বুমরাহ বনাম অর্শদীপ সিং। সূর্যকুমার যাদব বনাম জস ইংলিশ। ট্রেন্ট বোল্ট বনাম কাইল জেমিসন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এর বার্তা দিচ্ছে এ ম্যাচ।

কোয়ালিফায়ার-২ এর পথে দুটি দলের পথ ছিল দু রকম। মধ্য এপ্রিল পর্যন্ত মুম্বাই ছিল তলানি থেকে এক ধাপ উপরে, পাঁচ ম্যাচ থেকে তাদের জয় ছিল মাত্র একটি। এরপর মুম্বাই দাপটে উঠে আসে প্লে-অফে এবং শুক্রবার গুজরাটকে বিদায় করে উঠে যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে। আর পাঞ্জাব ছিল অন্যতম সেরা দল। প্রথম কোয়ালিফায়ারে তারা বেঙ্গালুরুর কাছে হার মানে। যদিও তাদের ফাইনালে ওঠার সুযোগ শেষ হয়ে যায়নি।