পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে বড় পরিবর্তনের আভাস আগেই ছিল। দল ঘোষণার পর আর কোনো সংশয় রইল না। আজ বিকেলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দল থেকে বাদ পড়েছেন টি২০ বিশ্বকাপে ফ্লপ করা সৌম্য সরকার, লিটন কুমার দাস; বিশ্বকাপে সুযোগ না পাওয়া পেস বোলার রুবেল হোসেন। বিশ্রাম দেয়া হয়েছে মুশফিকুর রহিমকে, আর সাকিব আল হাসান ও সাইফউদ্দিন চোটজনিত কারণে নেই।

টি২০ দলে ফিরেছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। নতুনদের আধিপত্যে গড়া দলে চমক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী। আরেক নতুন মুখ পেসার শহীদুল ইসলাম। এছাড়া প্রথমবারের মতো টি২০ দলে সুযোগ পেয়েছেন ব্যাটার সাইফ হাসান ও ইয়াসির চৌধুরী।

পাকিস্তান সিরিজে অধিনায়ক থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদই। ঘোষিত দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। বিশ্বকাপ শেষে বিশ্রাম চেয়েছিলেন তিনি। তার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বিসিবি তাকে বিশ্রাম দিয়েছে। সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন বিশ্বকাপ চলকালীন চোটাক্রান্ত হন। এখনো সুস্থ হয়ে ওঠেননি তারা। এ কারণে আসন্ন সিরিজে তাদের রাখা হয়নি। এছাড়া ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবালও, যিনি বিশ্বকাপেও খেলেননি।

এদিকে টি২০ সিরিজ সামনে রেখে আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা।

বাংলাদেশ টি২০ দল

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শহীদুল ইসলাম ও আকবর আলী।