ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাবের মুল্লানপুরে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
রাউন্ড রবিন লিগ পর্ব শেষে ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শেষ করে পাঞ্জাব ও বেঙ্গালুরু। শুধু নেট রানরেটে দুটি দলকে আলাদা করা গেছে। তা-ও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে পাঞ্জাব। এ দুটি দলই কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হচ্ছে। টেবিলের তিন ও চারে আছে গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ানস। টেবিলের শীর্ষ দুইয়ে থাকায় একটি বাড়তি সুবিধা পাবে পাঞ্জাব ও বেঙ্গালুরু। প্রথম কোয়ালিফায়ারে হারলে তারা ফাইনালে উঠতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ পাবে। মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট টাইটানস ম্যাচের বিজয়ী দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিট পাবে।
২০১৪ সালের পর আইপিএলের প্লে-অফ খেলছে প্রীতি জিনতার দল পাঞ্জাব। আগের ১৭ আসরে তারা কখনো শিরোপা জিততে পারেনি, এমনকি কখনো ফাইনালও খেলা হয়নি। এবার ফাইনালে ওঠার সম্ভাবনা জাগিয়েছে পাঞ্জাব। শ্রেয়াস আইয়ারের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ। বেঙ্গালুরুও কখনো শিরোপা জিততে পারেনি। ২০১১ ও ২০১৬ সালে দুবার ফাইনাল খেলে হেরেছেন বিরাট কোহলিরা। তাদের দীর্ঘ প্রতীক্ষিত শিরোপা এবার কি ধরা দেবে? সেই স্বপ্ন পূরণে তাদের আরো দুটি ম্যাচ জিততে হবে।
শুক্রবার এলিমিনেটর ম্যাচ, রোববার দ্বিতীয় কোয়ালিফায়ার ও মঙ্গলবার ফাইনাল।










