আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল। শিরোপা লড়াইয়ে চারদিনের ফরম্যাটে মুখোমুখি হচ্ছে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে প্রথম দিনের খেলা।
বিসিএলে ওয়ালটন মধ্যাঞ্চল দুবারের চ্যাম্পিয়ন। প্রথমবার ২০১২-১৩ মৌসুমে ও দ্বিতীয়বার ২০১৫-১৬ মৌসুমে শিরোপা ঘরে তোলে তারা। আর গত টানা তিন আসরে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। সব মিলে আট আসরের মধ্যে পাঁচবারই শিরোপা জিতেছে তারা। একবার ট্রফি জিতেছে বিসিবি উত্তরাঞ্চল।
এবারো দাপট চলছে দক্ষিণাঞ্চলের। তিন রাউন্ড শেষে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি। এর মধ্যে একটি টেস্টে জয় ও দুটি ড্র করে দক্ষিণাঞ্চল। একটি করে জয়, হার ও ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চলও ফাইনালের টিকিট কেটেছে।
দুই দলের আগের দেখায় শেষ রাউন্ডের ম্যাচটি ড্র হয়। তাতে ফাইনালে দারুণ লড়াইয়ের আভাস আগেই দিয়ে রাখল ফরহাদ রেজার দক্ষিণাঞ্চল ও শুভাগত হোমের মধ্যাঞ্চল। মূলত ওই ম্যাচটি ড্র হওয়ায় ফাইনালে ওঠার সুযোগ হয় মধ্যাঞ্চলের। হারলে ১০ পয়েন্ট থাকা বিসিবি উত্তরাঞ্চল খেলত ফাইনাল।
টুর্নামেন্টে ব্যাট-বলে আলো ছড়াচ্ছেন দুই দলের চারজন। ফাইনালে তাদের নিজেদের মধ্যেও হবে অন্যরকম লড়াই। দুই বাঁহাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ (দক্ষিণাঞ্চল) ও হাসান মুরাদ (মধ্যাঞ্চল) উভয়ই এবারের বিসিএলে এখন পর্যন্ত নিয়েছেন সর্বোচ্চ ১৬টি করে উইকেট। তাদের সামনে সুযোগ আছে নিজেকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার।
ব্যাট হাতে রানের ফুলকি ছোটাচ্ছেন দুদলের দুই টপঅর্ডার তৌহিদ হূদয় ও সৌম্য সরকার। দক্ষিণের হয়ে খেলা হূদয় চার ইনিংসে ১৩২ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩৯৬ রান করেছেন। তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২১৭, ১২২, ৩ ও ৫৪* রান। সব শেষ দেখায় মধ্যাঞ্চলের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেন তৌহিদ হূদয়। অপরদিকে মধ্যাঞ্চলের হয়ে খেলা সৌম্য দুদলের সর্বশেষ দেখায় খেলেছেন ১৫০ রানের ইনিংস।
আসরে পাঁচ ইনিংসে ৯৩ গড়ে সৌম্যর সংগ্রহ দ্বিতীয় সর্বোচ্চ ৩৭২ রান। তার ইনিংসগুলো যথাক্রমে ১৫০, ৪৩, ২, ৭৩ ও ১০৪*। তাদের সঙ্গে লড়াই জমিয়ে তুলতে শুভাগত-মিথুন ও জাকির-এনামুলরাও তৈরি আছেন।










