আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২০৯ রানের সৌধ গড়ে খুলনা টাইগার্স। তবে এই স্কোরকেও একটা সময় খুলনার জন্য নিরাপদ মনে হচ্ছিল না। ১২ বলে ২৫ রানের প্রয়োজন ছিল খুলনার, এনামুল হক জুনিয়র অপরাজিত ৯০ রানে। যদিও শেষ ১২ বলে ১৭ রান নিতে পেরেছে রাজশাহী। হাসান মাহমুদের করা শেষ ওভার থেকে ১৭ রান তুলতে ব্যর্থ হয় দলটি। বিজয় শেষ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করলেও ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তার দল।
৫৭ বলে ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকে রাজশাহীর দলনায়ক বিজয়। তার দল ৪ উইকেটে ২০২ রান তুলতে সমর্থ হয়।
এর আগে আফিফ হোসেন (৪২ বলে ৫৬), উইলিয়াম বোসিস্টো (৩৭ বলে ৫৫*) ও মুকিদুল ইসলাম অঙ্কনের (১২ বলে ৩০*) ব্যাটে ভর করে দুশোর্ধ্ব সংগ্রহ পায় খুলনা। এরপর বিজয় চোখ রাঙালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী হাসান মিরাজের দল। চলতি বিপিএলে সপ্তম সেঞ্চুরি করলেন বিজয়।
৭ ম্যাচে ৩ জয়ে টেবিলের চারে উঠে গেছে খুলনা। রাজশাহী ৮ ম্যাচ খেলে জিতেছে ৩টি। তারা আছে টেবিলের পাঁচে।
সোমবার দুপুরে ঢাকা ক্যাপিটাল খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, সন্ধ্যায় চট্টগ্রাম কিংসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।










