আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ইরানের উর্মিয়া শহরে অনুষ্ঠিত হবে ‘দ্বিতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) ওয়ার্ল্ড কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এ জুনিয়র ওয়ার্ল্ড কাবাডিতে অংশ নিতে যাচ্ছে। প্রথম আসরে তৃতীয় হয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।
এ উপলক্ষে গত শুক্রবার বাংলাদেশ কাবাডি স্টেডিয়াম গ্রাউন্ডে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর উপস্থিতিতে দল ঘোষণা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক-২ এসএম নেওয়াজ সোহাগ।
দ্বিতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) ওয়ার্ল্ড কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল গতকাল সন্ধ্যা ৬টায় তেহরানের উদ্দেশে যাত্রা করে। সেখান থেকে উর্মিয়া পৌঁছবে বাংলাদেশ দল।
হাফিজুর রহমান খান বলেন, ‘এবার আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। তবে কাজটা সহজ নয়। ভারত, ইরান, কেনিয়া, পাকিস্তান, চীনা তাইপে, থাইল্যান্ডও টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নিয়েছে। প্রতিটি দলের চ্যালেঞ্জ নিতে আমরাও প্রস্তুতিটা ভালো করার চেষ্টা করেছি। আইজিপি কাপ যুব কাবাডির চূড়ান্ত পর্ব থেকে ৫০ জন, আঞ্চলিক পর্ব থেকে চার, এনএসসির প্রতিভা অন্বেষণ থেকে ১৫, বিকেএসপি থেকে ১৩ জন—এ ৮২ জনকে নিয়ে ভারতীয় কোচ শ্রীনিবাস রেড্ডির অধীনে ২ মাস ধরে আবাসিক ক্যাম্প করা হয়েছে।’
দুই ধাপে ট্রায়াল নিয়ে ১৮ জন বাছাই করা হয়েছিল, তাদের নিয়ে এক মাসের ক্যাম্প শেষে ১২ জনের চূড়ান্ত দল তৈরি করা হয়েছে। তারা হলেন রোহন মিয়া, তসলিম উদ্দিন, জুয়েল ইসলাম, আবু রায়হান, ইব্রাহিম খলিল, মাহবুবুর রহমান ইমরান, মো. ফেরদৌস, আবুজার সরকার, উজ্জাপন চাকমা, নাহিদ হাসান, শাহ মোহাম্মেদ শাহান, মহিম হোসাইন।
স্ট্যান্ড বাই রাখা হয়েছে তিনজনকে তারা হলেন ফাহিম আলী, মিনহাজুল রাব্বী ও তামবীর মিয়া। এবারের দলে ২০১৯ সালে প্রথম আসরে খেলা একমাত্র খেলোয়াড় উজ্জাপন চাকমা।










