মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম তিন দিন মিলে মাত্র ৬৩.২ ওভারের খেলা মাঠে গড়ায়। শেষ দুই দিন খেলা হলেও এই টেস্টের সম্ভাব্য সেরা ফল হতে পারে ড্র, এমনটিই ধারণা ছিল সবার। যদিও ব্যাটিং বিপর্যয়ে পড়ে এখন হারের শঙ্কাও তৈরি হয়েছে বাংলাদেশ দলের। অতিথিরা ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাব দিতে নেমে স্বাগতিক বাংলাদেশ ৭১ রান তুলতেই হারিয়ে বসে ৭ উইকেট। চতুর্থ দিনশেষে সংগ্রহ ৭৬/৭। এতে মুমিনুল হকের দল পড়েছে ফলো-অনের শঙ্কায়।

পাকিস্তানি স্পিনাররা দুই প্রান্ত থেকে দারুণভাবে বল ঘুরিয়েছেন এবং টানা ১২ ওভার করে গেছেন সাজিদ খান ও নুমান আলী। ছয় উইকেট নিয়ে দিনের তারকা সাজিদ খান, আর উইকেটশূন্য নুমান আলীও অনবদ্য বোলিং করে একপ্রান্তে চাপ তৈরি করে গেছেন।

পাকিস্তানের স্পিন ভেল্কিকে হতাশার এক দিন কাটল বাংলাদেশের। স্বাগতিকদের ব্যাটিং দেখে যে কারোরই মনে হবে, এখানে পরিকল্পনার বিন্দুমাত্র ছাপ ছিল না। এমনকি ঘোর বিপদের মধ্যেও তাড়াহুড়ো ছিল তাদের, হয়তো দ্রুত ১০০ রান টপকে গিয়ে ফলো-অনটা এড়াতে মরিয়া ছিল বাংলাদেশ।

আলোকস্বল্পতায় আগেভাগে দিনের খেলা শেষ হওয়ায় আপাতত বিপদমুক্ত বাংলাদেশ। তবে কাল সকালেও জোরালো আক্রমণ নিয়ে ফিরবে পাকিস্তান, বাংলাদেশও ফলো-অন এড়ানোর লক্ষ্যে প্রাণান্ত চেষ্টা চালাবে। হয়তো রোমাঞ্চকর এক সকাল, আর রোমাঞ্চকর এক দিনের অপেক্ষা করছে মিরপুর শের-ই-বাংলা টেস্ট। 

সংক্ষিপ্ত স্কোর

চতুর্থ দিন শেষে

পাকিস্তান প্রথম ইনিংস: ৩০০/৪/ডি. (বাবর ৭৬, আজহার ৫৬, রিজওয়ান ৫৩*, ফাওয়াদ ৫০*; তাইজুল ২/৭৩, খালেদ ১/৪৯, এবাদত ১/৮৮ )। বাংলাদেশ প্রথম ইনিংস: ৭৬/৭ (শান্ত ৩০, সাকিব ২৩*, তাইজুল ০*; সাজিদ খান ৬/৩৫ )।