সিলেটে চলমান এনসিএল টি-টোয়েন্টি লিগ থেকে বিদায় নিল চট্টগ্রাম বিভাগ। আজ শনিবার এলিমিনেটর ম্যাচে খুলনা বিভাগের কাছে ৭ রানে হেরে যায় ইয়াসির আলীর দল। ১৪৭ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৩৯ রান তুলতে সমর্থ হয় চট্টগ্রাম।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে এনামুল হক বিজয়কে হারিয়ে চাপে পড়ে খুলনা। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম (১৬ বলে ২০) ও অভিজ্ঞ মোহাম্মদ মিথুন (১২ বলে ১৬) হাল ধরে দলের রান পঞ্চাশ পার করান। যদিও অল্প সময়ের ব্যবধানে দুজনই আউট হয়ে যান (৫২/৩)। সেখান থেকে ইমরুল কায়েস ও নুরুল হাসান সোহান ৩১ রানের জুটি গড়েন। ইমরুল ১৫ বলে ১৭ রান করে সাজঘরের পথ ধরেন।

সোহান অবশ্য হাল ছাড়েননি। তিনি টেল-এন্ডকে নিয়ে দলের সম্মানজনক সংগ্রহ নিশ্চিত করেন। ১৯তম ওভারে আহমেদ শরিফের শিকার হন সোহান। ৩৯ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন খুলনার দলনায়ক।

সোহানের বিদায়ের পর দ্রুত ৩ উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে অলআউট হয়ে যায় খুলনা। চট্টগ্রামের আহমেদ শরিফ ২৬ রানে ৪টি ও ফাহাদ হোসেন ২০ রানে ৩টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। ইয়াসির আলী (২৭ বলে ৩৭) ও নাঈম হাসান (২৭ বলে ৩৪*) চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। মেহেদী হাসান রানা ও মাসুম খান টুটুল ২টি করে উইকেট নেন।

রোববার দুপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে খুলনা বিভাগ। আজ দুপুরে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও ঢাকা মেট্রো। এই ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে খুলনা।