আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি একবার বিশ্বকাপ, দুবার কোপা আমেরিকা, চারবার চ্যাম্পিয়ন্স লিগ, দশবার লা লিগা, দুবার ক্লাব বিশ্বকাপ, দুবার ফ্রেঞ্চ লিগ শিরোপা জিতেছেন। ব্যক্তিগত অর্জনেও ঠাসা তার শোকেস। আটবার ব্যালন ডি’অর, আটবার ফিফা বর্ষসেরা, ছয়বার ইউরোপিয়ান গোল্ডেন সু, দুবার বিশ্বকাপের সেরা খেলোয়াড়, আটবার লা লিগার সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফি, নয়বার লা লিগার সেরা খেলোয়াড়—এ রকম শত স্বীকৃতি পেয়েছেন ক্যারিয়ারে। এবার তার শোকেসে জমা পড়ল আরেকটি ট্রফি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) বর্ষসেরা খেলোয়াড়ের ট্রফি জিতলেন আর্জেন্টাইন সুপারস্টার।

৩৭ বছর বয়সী মেসি খেলেন ইন্টার মিয়ামিতে। ক্লাবটির হয়ে এমএলএসে প্রথমবার পুরো মৌসুম খেলেই তিনি সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন। এ মৌসুম তার দল জিতছে সাপোর্টার্স শিল্ড, এবার তিনি হলেন এমএলএসের বর্ষসেরা। তার হাতে তুলে দেয়া হয়েছে ‘ল্যান্ডন ডনোভান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ ট্রফি।

ইন্টার মিয়ামির প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএস সেরা হলেন মেসি। ভোট দিয়েছেন খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর প্রতিনিধিরা। সর্বোচ্চ ৩৮.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ ভোট পেয়েছেন কুচো হার্নান্দেস।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও ব্যাক-টু-ব্যাক কোপা শিরোপা এবং বার্সেলোনা ও পিএসজির হয়ে সম্ভাব্য সব ধরনের ট্রফি জয় করা মেসি ২০২৩ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বয়স হয়ে গেলেও পুরনো ঝলকানিতে প্রতিপক্ষকে প্রায়ই নাজেহাল করেন মেসি। যদিও চোটটা বেশ ভুগিয়েছে তাকে। তাই তো পুরো মৌসুমে খেলতে পারেননি তিনি। কোপা আমেরিকা ফাইনালে গোড়ালিতে চোট পান মেসি। এছাড়া জাতীয় দলের সূচি তো ছিলই। সব মিলিয়ে ইন্টারের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়নি মেসির।

মেজর লিগ সকারে ২০২৪ মৌসুমে ৩৪ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচ খেলে ২০ গোল করেছেন মেসি, অ্যাসিস্ট করেন ১৬ গোলে।

মেসির দল ৭৪ পয়েন্ট সংগ্রহ করে জিতেছে সাপোর্টার্স শিল্ড। এরপর প্লে-অফে হেরে গেছে তারা। তবে এমএলএসের দুই কনফারেন্স মিলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার সুবাদে আগামী বছরের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি।

রোববার ভোর ৩টায় লিগের ফাইনালে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও নিউইয়র্ক রেড বুলস। প্লে-অফে না হারলে এ ফাইনালে খেলতে পারত মেসির ইন্টারও। লিগের বর্ষসেরা হওয়ার পরও তাই মেসির কণ্ঠে হতাশা। তিনি বলেন, ‘এ পুরস্কার আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। পরের মৌসুমে আমরা শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’