সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডে জিতে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা জাগয়েছিল বাংলাদেশের মেয়েরা। যদিও আজ ভোরে একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গিয়ে সেই স্বপ্নের সলিল সমাধি ঘটল। আগে ব্যাটিং করতে নেমে ১১৮ রানে অলআউট বাংলাদেশ। ৮ উইেকট ও ১৩৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হেইলি ম্যাথিউসের দল।

জিতলেই আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপ টেবিলে ষষ্ঠ স্থান নিশ্চিত হওয়ার পাশাপাশি সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশের নারীরা। যদিও নিগারদের ব্যর্থতায় ষষ্ঠ স্থান নিয়ে সরাসরি বিশ্বকাপে উঠে গেছে নিউজিল্যান্ড। এ বছর আগস্ট-সেপ্টেম্বর মাসে ভারতের মাঠে বিশ্বকাপ। তার আগে ভারতেই হবে বাছাইপর্ব, যেখানে খেলতে হবে বাংলাদেশকে। বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকেও, যাদের হাতে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলো।

মাত্র একবার ওয়ানডে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওই আসরে অংশগ্রহণকারী আটটি দল রাউন্ড রবিন লিগে মুখোমুখি হয়। সাত ম্যাচ খেলে মাত্র একটি জিততে সমর্থ হয় নিগারের দল। তারা হারিয়েছিলেন শুধু পাকিস্তানকে।

অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ২০১৪ সাল থেকে নিয়মিত মুখ। ঘরের মাঠে ২০১৪ সালে প্রথমবার অংশ নেয় লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। এরপর আরো চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে অংশ নিয়ে পাঁচ ম্যাচের সবগুলোতে হেরেছে নিগারের দল।

আজ সেন্ট কিটসে দলীয় ৬ রানের মাথায় ওপেনার মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটে বিপর্যয় কাটিয়ে একটি পর্যায়ে দলের সংগ্রহ দাঁড়ায় ৬৮/১। এরপর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৫০ রানে ৯ উইকেটের পতন হয় অতিথি দলের। নিগাররা ১১ রানে হারান শেষ ৬টি! ১২ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের বড় ক্ষতিটা করেন স্পিনার কারিশমা রামহারাক। তিনি আগের ম্যাচেই নিয়েছিলেন ৩৩ রানে ৪ উইকেট। এছাড়া জাইদা জেমস নেন ১৫ রানে ২ উইকেট। বাংলাদেশের হয়ে সুপ্তা ৩৭, সোবহানা মোস্তারি ২৫ ও পিংকি ২২ রান করেন।

ছোট্ট পুঁজি নিয়ে বাংলাদেশের বোলাররা খুব একটা বিপদে ফেলতে পারেনি স্বাগতিকদের। কিয়ানা জোসেফ (৬৬ বলে ৩৯), ডেন্ড্রা ডট্টিন (১৯ বলে ৩৩*), শেমেইন ক্যাম্পবেল (৪৭ বলে ২৫*) ও ম্যাথিউসের (৩৩ বলে ২২) ব্যাটে ভর দিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরা হয়েছেন ৩০ বছর ডানহাতি অফস্পিনার বয়সী রামহারাক।