সিলেটে চলমান এনসিএল টি-টোয়েন্টি লিগে আজ ৪৮ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭৮ রান করে রাজশাহী বিভাগকে জিতিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর ১৮১ রানের জবাবে সিলেট ৮ উইকেটে ১৫৫ রান তুলতে সমর্থ হয়। অবশ্য এই জয়ের পরও প্লে-অফে উঠতে পারেনি রাজশাহী।
আজ চারটি ম্যাচ শেষে প্রথম এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়েছে।
আজ বিকালের ম্যাচে রংপুরকে ৩৪ রানে হারিয়ে প্লে-অফে খেলার টিকিট পেয়েছে খুলনা বিভাগ। আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৯৫ রান তোলে খুলনা। মোহাম্মদ মিথুন ৪৯ বলে ৭১, আজিজুল হাকিম ৪১ বলে ৬৬ ও ইমরুল কায়েস ১৯ বলে ৪০ রান করেন। জবাবে রংপুর ৯ উইকেটে ১৬১ রান তুলতে সমর্থ হয়। আকবর আলী ২৯ বলে ৫২ রান করেন। টিপু সুলতান ও শেখ পারভেজ ইমন ৩টি করে উইকেট নেন। মিথুন হয়েছেন ম্যাচসেরা।
এই জয়ের পর ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে যায় খুলনা। তারা আছে তৃতীয় স্থানে। ঢাকা মেট্রো ৭ ম্যাচের সবগুলো জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে, রংপুর ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ও চট্টগ্রাম ৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।
আজ ঢাকা মেট্রো ১৭ রানে চট্টগ্রামকে ও ঢাকা বিভাগ ১৯ রানে বরিশালকে হারায়। ঢাকা বিভাগ নিট রানরেটে পিছিয়ে থাকায় প্লে-অফে যেতে পারেনি।
শনিবার সকালে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। ওইদিন দুপুরের ম্যাচে লড়বে ঢাকা মেট্রো ও রংপুর। ২২ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার ও ২৪ ডিসেম্বর ফাইনাল।










