টি-টোয়েন্টি সিরিজে বিশাল ব্যবধানে (৪-১) জয়ের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সফরকারীদের ৪৩ রানে হারায় স্বাগতিক দল। ত্রিদেশীয় সিরিজ, চ্যাম্পিয়নস ট্রফি ও এ সিরিজ মিলিয়ে টানা ছয়টি ওয়ানডে ম্যাচে হারল মোহাম্মদ রিজওয়ানের দল।
৪২ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৪ রান তোলে নিউজিল্যান্ড। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ৪০ বলে ৫৯, রিস মারিউ ৬১ বলে ৫৮ ও ড্যারিল মিচেল ৫৩ বলে ৪৩ রান করেন। আকিফ জাভেদ ৬২ রানে ৪টি ও নাসিম শাহ ৫৪ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাবর আজম সর্বোচ্চ ৫০ রান করেন ৫৮ বলের মোকাবেলায়। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৩৭, আব্দুল্লাহ শফিক ৩৩ ও তৈয়ব তাহির ৩৩ রান করেন। বেন সিয়ার্স ৩৪ রানে ৫টি ও জ্যাকব ডাফি ৪০ রানে ২টি উইকেট নেন।
সিয়ার্স হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫৯ রানে ৫ উইকেট শিকারের পর মাউন্ট মঙ্গানুইয়েও নিলেন ৫ উইকেট। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে টানা দুটি ওয়ানডে ম্যাচে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন তিনি।
মাইকেল ব্রেসওয়েল ম্যাচসেরা ও সিয়ার্স সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন।
ঘরের মাঠে হতাশাজনক চ্যাম্পিয়নস ট্রফি শেষে এবার নিউজিল্যান্ডের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেল পাকিস্তান। পরাজয় শেষে দলনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘এটা হতাশাজনক এক সিরিজ। তবে ইতিবাচক দিক হলো বাবর আজম ও নাসিম শাহের ব্যাটিং। সুফিয়ান মুকিম ভালো বোলিং করেছে। নিউজিল্যান্ডকে কৃতিত্ব দেব। তারা সব বিভাগেই ভালো করেছে। আমাদের নতুন বলে ভালো করতে হবে। এখান থেকে ফিরে এখন নিজেদের ভুলগুলো নিয়ে আলোচনা করতে হবে। সামনে পিএসএল, যা আমরা উপভোগ করতে চাই। আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করিনি, এ সিরিজেও না। আশা করি, আমরা পিএসএলে ভালো করব।’










