চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টির কোনো সিরিজেই খেলেননি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোট থেকে সেরে উঠে তিনি ঘরোয়া এনসিএল টি-টোয়েন্টি লিগ খেলে নিজেকে তৈরি করছেন। ১৪ ডিসেম্বর বরিশাল বিভাগের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৫৪ বলে ৮০ রান করেন রাজশাহী বিভাগে খেলা এই ব্যাটার। মাঝে তিন ম্যাচে খারাপ করলেও আজ পেলেন দ্বিতীয় ফিফটি। তার ব্যাটে ভর করেই সিলেট বিভাগকে হারিয়েছে রাজশাহী বিভাগ।

আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৮১ রান তোলে রাজশাহী। শান্ত ৪৮ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭৮ রান করেন। এছাড়া সাব্বির হোসেন ১৪ বলে ৩০ রান, হাবিবুর রহমান ১৪ বলে ২৬ ও তাওহীদ হৃদয় ১৭ বলে ২১ রান করেন। খালেদ আহমেদ ২৪ রানে ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৫৫ রান তুলতে সমর্থ হয় সিলেট। জিশান আলম ৩২ বলে ৬০ রান করেন ২ বাউন্ডারি ও ৫ ছক্কায়। আসাদুজ্জামান পায়েল ২৪ রানে ৪ উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শান্ত।

এছাড়া আজ ঢাকা মেট্রো ১৭ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৮ রান তোলে মেট্রো। জবাব দিতে নেমে চট্টগ্রাম বিভাগ ৯ উইকেটে ১৪১ রান তুলতে সমর্থ হয়।