টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ভারত গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামার আগের দিন পায় দুঃসংবাদ। চোটে ছিটকে গেছেন অলরাউন্ডার হরষিত রানা। তার জায়গায় পেসার মোহাম্মদ সিরাজকে ডেকেছে বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও সিরাজ পুরোদস্তুর এক বোলার।
৪ নভেম্বর নাভি মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে চোটে পড়েন হরষিত রানা। ওই ম্যাচে তিনি মাত্র এক ওভার বোলিং করেন। পরে তার হাঁটুতে টেপ প্যাঁচানো দেখা যায়। তার অবস্থা ‘ভালো না’ বলে জানিয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই আশঙ্কাই সত্যি হলো। তিনি ছিটকে গেছেন এবারের আসর থেকে।
রানা মূলত ভারতের শেষ দিকে ব্যাটিং গভীরতা বাড়াতে সাহায্য করেন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৪৩ বলে ৫২ রান করেন তিনি। তবে বাকিরা ফিট থাকলে খুব একটা সমস্যা হবে না বর্তমান চ্যাম্পিয়নদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলেছে, ‘স্ক্যান রিপোর্ট দেখে ও বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনার পর রানাকে এ টুর্নামেন্টে আনফিট ঘোষণা করা হয়েছে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি হোম সিরিজে পাঁচ ম্যাচের মধ্যে তিনটি খেলেন রানা, যে সিরিজটা ৪-১-এ জিতেছে ভারত। ২৪ বছর বয়সী এ ক্রিকেটার এখন পর্যন্ত ২টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
২০২৪ সালের জুলাইয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন সিরাজ। মাত্র ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সিরাজ ১৪ উইকেট নিয়েছেন ৭.৭৯ ইকোনমি রেটে। যদিও আইপিএলে তার বিশাল অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে ১৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮৩ উইকেট নিয়েছেন তিনি ৮.২৫ ইকোনমি রেটে।
চোটের কারণে ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ছিটকে যাওয়ার পর এবার আরেকটি বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন পেস বোলার জস হ্যাজেলউড। কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে অজিদের প্রথম ম্যাচের পাঁচদিন আগে এ দুঃসংবাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে হ্যাজেলউডের জায়গায় কাকে নেবে অস্ট্রেলিয়া, সেই সিদ্ধান্ত গতকাল পর্যন্ত নেয়া হয়নি।
শ্রীলংকার পেসার ঈশান মালিঙ্গাও চোটের কারণে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার বদলে বিশ্বকাপ খেলার সুযোগ মিলেছে বাঁহাতি পেসার প্রমোদ মাদুশানের। ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাঁধে চোট পান মালিঙ্গা। ২০২৫ সালের আইপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে শ্রীলংকার পেস বোলিং আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ জায়গা করে নেন। গত নভেম্বর থেকে এখন পর্যন্ত আটটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি নিয়েছেন ৮ উইকেট। যদিও বিশ্বকাপ খেলা হচ্ছে না তার।
মালিঙ্গার বদলি মাদুশানও খেলেছেন ৮টি টি-টোয়েন্টি ম্যাচ। শ্রীলংকা দলে তার অভিষেক ২০২২ সালে। তিনি সর্বশেষ এ সংস্করণে খেলেন ২০২৩ সালে। মাদুশানের ঝুলিতে আছে ১২টি উইকেট, ইকোনমি রেট ৮.৬৩।
৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শ্রীলংকা। তারা রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে আছে ওমান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে।










