জমে উঠেছে আফ্রিকা অঞ্চলের ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব। বিশ্বকাপের ৫টি টিকিটের জন্য দুই লেগের শেষ রাউন্ডে মুখোমুখি ১০টি দল। শুক্রবার রাতে প্রথম লেগে বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালকে ১-০ গোলে হারিয়েছে মিসর। আগামী মঙ্গলবার সেনেগালের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে মোহাম্মদ সালাহর দল। সে লড়াই শেষে মিলবে কাতার বিশ্বকাপ খেলার টিকিট। তবে এটা নিশ্চিত হয়ে গেছে আগেই যে বিশ্বকাপ মিস করতে হবে লিভারপুলের দুই সতীর্থ সালাহ ও সাদিও মানের যেকোনো একজনকে।
শুক্রবার রাতে কায়রোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বল দখলে এগিয়ে ছিল সেনেগাল। কিন্তু ম্যাচের শুরুর ৪ মিনিটেই মোহাম্মদ সালাহর একটি বুলেট গতির শট ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। বলটি ক্রসবার কাঁপিয়ে ফিরে এলে তা সেনেগালের ডিফেন্ডার সালিউ কিসের গায়ে লেগে জালে ঢুকে পড়ে! এই আত্মঘাতী গোলেই জয় নিশ্চিত হয় মিসরের। সেনেগালকে বিদায় করতে পারলে সালাহদের আফ্রিকান নেশনস কাপের ফাইনালে হারের প্রতিশোধও নেয়া হবে।
অন্যদিকে প্রথম লেগে ঘরের মাঠে ক্যামেরুন ১-০ গোলে হেরেছে রিয়াদ মাহরেজের আলজেরিয়ার কাছে। মালি ঘরের মাঠে ১-০ গোলে তিউনিসিয়ার কাছে হেরেছে। ডিআর কঙ্গো-মরক্কো ম্যাচটি ১-১ গোলে ও ঘানা-নাইজেরিয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফিরতি দেখায় কঙ্গো খেলবে মরক্কোর মাঠে, ঘানা খেলবে নাইজেরিয়ার মাঠে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) থেকে পাঁচটি দল কাতার বিশ্বকাপে জায়গা পাবে।
ফিফা ডটকম










