অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, নারী এককে নাওমি ওসাকা। কভিড প্রতিষেধক টিকা না নেয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এসেও না খেলে ফিরে যেতে হয়েছে সার্বিয়ান তারকা জোকোভিচকে। অন্যদিকে অঘটনের শিকার হলেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে ২০ বছর বয়সী আমেরিকান আমান্দা আনিসিমোভার কাছে ৬-৪, ৬-৩ ও ৭-৬ (১০-৫) গেমে পরাজিত হন তিনি। ফলে দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছাড়াই আজ শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই।

দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। নারী এককে শেষ ষোলোর আগেই বিদায় নিয়েছেন ওসাকা, এমা রাদুকানু, পেত্রা কেভিতোভা ও এলিনা সভিতোলিনা।

মেলবোর্ন পার্কে আজ শুরু হচ্ছে চতুর্থ রাউন্ডের খেলা। ২১তম গ্র্যান্ডস্লাম জয়ের মিশনে আসা স্প্যানিশ রাফায়েল নাদাল রোড লেভার অ্যারেনায় মুখোমুখি হবেন স্বদেশী আদ্রিয়ান মানারিনোর।

চতুর্থ রাউন্ডে নারী এককে শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টির মুখোমুখি হবেন ২০ বছর বয়সী আনিসিমোভা, যিনি তৃতীয় রাউন্ডে ওসাকাকে হারান। বেলারুশিয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা চতুর্থ রাউন্ডে মুখোমুখি হচ্ছেন চতুর্থ বাছাই চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভার। নারী এককে গতকাল শেষ ষোলোর টিকিট পান সিমোনা হালেপ, আরিনা সাবালেঙ্কা, ইগা সিয়ানতেকের মতো তারকা। বিবিসি