মৌসুমের শুরু থেকে এবার সবচেয়ে বেশি আলোচনায় ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এর কারণও যথার্থ। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে—বিশ্বের অন্যতম সেরা তিন এ স্ট্রাইকারকে নিয়ে ভয়ংকর এক আক্রমণভাগ এখন পিএসজির। লিগ শিরোপা তো বটেই, অনেকেই ভেবেছিলেন অধরা উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এবার পিএসজি ঘরে তুলতে পারে। কিন্তু অন্তত আরেক মৌসুমের জন্য শিরোপাটি তাদের অধরাই থাকল। এবার শেষ ষোলোয় তাদের বিদায় করল রিয়াল মাদ্রিদ। তারকাখচিত পিএসজি গত বুধবার দ্বিতীয় লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে ৩-১ গোলে হেরেছে। দুই লেগ মিলে ৩-২ অগ্রগামিতায় পিএসজিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠে লস ব্লাঙ্কোস।
শেষ আটে এরই মধ্যে রিয়ালসহ চারটি দল জায়গা করেছে। অস্ট্রিয়ান ক্লাব আরবি সালজবুর্ককে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলে বিধ্বস্ত করেছে জার্মান বায়ার্ন মিউনিখ, ৫-০ ব্যবধানে পর্তুগালের স্পোর্টিং লিসবনকে হারিয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি এবং ইতালির ইন্টার মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ইংলিশ জায়ান্ট লিভারপুল উঠেছে কোয়ার্টারে।
মঙ্গলবার ও বুধবার রাতে জানা যাবে বাকি কোন চার দল কোয়ার্টার ফাইনালে উঠছে। ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার রাত ২টায় শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাতলেটিকো মাদ্রিদ। একই সময়ে আমস্টারডাম স্টেডিয়ামে ডাচ ক্লাব আয়াক্সের মুখোমুখি হবে পর্তুগালের ক্লাব বেনফিকা। বুধবার রাত ২টায় ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ঘরের মাঠে খেলবে স্পেনের ভিয়ারিয়ালের বিপক্ষে। একই সময়ে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চেলসি।
বাজে সময় যাচ্ছে ম্যানইউর। লিগ কাপ ও এফএ কাপ, প্রিমিয়ার লিগ এরই মধ্যে হাতছাড়া হয়েছে। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। শেষ আটের ভাগ্য ঝুলে আছে সুতোয়। বেনফিকার মাঠে ২-২ গোলে ড্র করে ফিরেছে আয়াক্স। ঘরের মাঠে আয়াক্স কঠিন প্রতিপক্ষ। বিবিসি










