অধিনায়ক লিওনেল মেসি ছিলেন না। তাকে ছাড়াই এল সালভাদরকে সহজে হারাল আর্জেন্টিনা। গতকাল বাংলাদেশ সময় ভোরে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড মাঠে ফিফা প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। ২০২৪ সালে আর্জেন্টিনার প্রথম ম্যাচে গোল করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো।
১৬তম মিনিটে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন রোমেরো। চেলসি মিডফিল্ডার এনজো প্রথমার্ধের বিরতির কয়েক মিনিট আগে ব্যবধান ২-০ করেন। লো সেলসোর ভলিতে বল দিক পাল্টে এনজোর কাছে গেলে তিনি লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ৫২ মিনিটে লো সেলসো আরেকবার আর্জেন্টিনার লিড বাড়িয়েছেন। লাউতারো মার্টিনেজের থ্রু পাস থেকে গোলটি করেন তিনি। প্রথমে এল সালভাদরের গোলকিপার মারিও গঞ্জালেজকে পরাস্ত করেন, এরপর বাম পায়ের শটে বলকে জালে পাঠান তিনি।
হ্যামস্ট্রিং চোটে পড়ায় নিয়মিত অধিনায়ক মেসিকে এ ম্যাচে পায়নি আর্জেন্টিনা। গত ১৩ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচ খেলার সময় চোটে পড়েন সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। তার অনুপস্থিতিতে আর্জেন্টিনাকে এ ম্যাচে নেতৃত্ব দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসে আরেকটি প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ প্রীতি ম্যাচগুলো খেলে আগামী জুনে অনুষ্ঠেয় কোপা আমেরিকা টুর্নামেন্টের প্রস্তুতি সারবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
চোটে পড়ায় পরের ম্যাচেও খেলা হবে না মেসির। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট পাওয়ায় দুটি ফিফা প্রীতি ম্যাচে খেলবেন না মেসি। ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনা উভয়ই মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চায় না।
তাই গত শনিবার ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচও খেলতে পারেননি মেসি। আর্জেন্টিনার হয়েও প্রীতি ম্যাচ খেলছেন না বিশ্বকাপজয়ী এ সুপারস্টার।
ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গেলের জয় তুলে নেয়ার পথে চোট পান মেসি। তিনি নিজে এক গোল করেন, সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে করান আরেক গোল। তার অনুপস্থিতিতে ডিসির বিপক্ষে ইন্টার মিয়ামিকে জেতান সুয়ারেজ। আগামী মাসে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেসিকে ফিট রাখতেই এখন তাকে বিশ্রাম দিয়েছে ইন্টার মিয়ামি। তেমনি আর্জেন্টিনাও আসন্ন কোপায় মেসিকে ফিট রাখতে এখন প্রীতি ম্যাচে খেলাতে চায় না।
মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে চোটাক্রান্ত রোমার ফরোয়ার্ড পাওলো দিবালা, বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার ইজেকুয়েল প্যালাসিও ও বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি।










