আইপিএলের নারী ভার্সন উইমেনস প্রিমিয়ার লিগের (ডাব্লিউপিএল) প্রথম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের টেনিস স্টার সানিয়া মির্জা। আগামী ৪ মার্চ শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে এই লিগের খেলা।

 

আজ বুধবার হেড কোচ হিসেবে অস্ট্রেলিয়ান বেন সেয়ার্স এর নাম ঘোষণা করেছে বেঙ্গালুরু। সেয়ার্স বর্তমানে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের হেড কোচ ও গত বছর বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ছিলেন। সেয়ার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তামিলনাড়ুর সাবেক স্পিনার মালোলান রঙ্গরাজন।

 

মার্চে দুবাইয়ে পেশাদার ক্যারিয়ারের শেষ টেনিস আসর খেলবেন ৩৬ বছর বয়সী সানিয়া। তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনে শেষবারের মতো গ্র্যান্ডস্লাম খেলেছেন। নারী দ্বৈত ও মিশ্র দ্বৈতে মোট ছয়টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি।

 

দুবাই আসর শেষেই তিনি বেঙ্গালুরু দলের সঙ্গে যোগ দেবেন।

 

বেঙ্গালুরুর মেন্টর হওয়া নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সানিয়া। তিনি মূলত অল্প বয়সী ভারতীয় ক্রিকেটারদের চাপের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়, সে ব্যাপারে পরামর্শ দেবেন। ভারতের ইতিহাসে সবচেয়ে সফল এই নারী টেনিস খেলোয়াড় ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার অনুভুতি প্রকাশ করে বলেন, ‘মানসিক বিষয়টি নিয়ে আমি মূলত তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করব। আশাকরি, তাদের মধ্যে আমি মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস আনতে পারব। আমি আমার খেলোয়াড়ী জীবনের ২০ বছরের অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগাভাগি করতে পার। একমাত্র নারী (ভারতীয়) হিসেবে এতদিন চাপের মধ্যে খেলে যাওয়ার বিষয়টি, সত্যি এখানে তাদের সাহায্য করবে।’

 

তারকাখচিত দল গড়েছে বেঙ্গালুরু। এই দলটিতে খেলবেন স্মৃতি মান্ধানা, এলিস পেরি, মেগান শাট, সোফি ডিভাইন, ডেন ফন নিকার্ক ও রিচা ঘোষ। ৫ দলের এই আসরে বেঙ্গালুরু ৫ মার্চ মুম্বাইয় প্রথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।