বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুতেই ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ঢাকা ক্যাপিটাল। আগের ম্যাচে তানজিদ হাসান তামিমকে নিয়ে রেকর্ড বই ওলট-পালট করে দেয়া লিটন কুমার দাস আজ অবশ্য ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি। ১৭ বল মোকাবেলায় ১৩ রান করে ফিরে গেছেন সাজঘরে। রিপন মন্ডলের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়েছেন তিনি।
পঞ্চম ওভারে লিটন আউট হওয়ার পর দ্রুত আরো দুই উইকেট হারিয়েছে ঢাকা। দলীয় ৩২ রানে মুনিম শাহরিয়ার ও ৪৮ রানে জঁ-পিয়েরে কোয়েৎজি আউট হন। মুনিমকে ফেরান ফাহিম আশরাফ আর মাহমুদউল্লাহর শিকার হন কোয়েৎজি। একটু বিরতি দিয়ে ১২তম ওভারে তিন বলের ব্যবধানে সাব্বির রহমান ও থিসারা পেরেরাকে সাজঘরে ফেরান স্পিনার তানভীর ইসলাম।
এ প্রতিবেদন লেখার সময় ঢাকার সংগ্রহ ছিল ১৩ ওভারে ৫ উইকেটে ৮২ রান। তানজিদ ৩৪ বলে ৪৩ ও মোসাদ্দেক হোসেন ২ বলে ২ রানে ব্যাট করছিলেন।










