উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২০২২-২৩ মৌসুমে পড়েছে সহজ গ্রুপে। আজ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। এতে স্প্যানিশ জায়ান্টরা ‘এফ’ গ্রুপে পেয়েছে জার্মানির আরবি লাইপজিগ, ইউক্রেনের শাখতার দোনেত্স্ক ও স্কটল্যান্ডের সেল্টিককে। ১৯৮০ সালের পর এই প্রথম ইউরোপের ফুটবলে দেখা হচ্ছে রিয়াল ও সেল্টিকের।

 

রিয়াল সহজ গ্রুপে পড়লেও কঠিন পথ আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সামনে। ‘সি’ গ্রুপে তারা পেয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখ, ইতালির ইন্টার মিলান ও চেক দল ভিক্টোরিয়া পিজেনকে।

 

‘এ’ গ্রুপে গতবারের রানার্সআপ লিভারপুলের প্রতিপক্ষ আয়াক্স, ন্যাপোলি ও রেঞ্জার্স; ‘বি’ গ্রুপে পড়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ, পোর্তো, লেভারকুসেন ও ব্রুগেস, ‘ডি’ গ্রুপে খেলবে এনট্র্যাখট ফ্রাংকফুর্ট, টটেনহাম, স্পোর্টিং লিসবন ও মার্সেই; ‘ই’ গ্রুপে চেলসি, এসি মিলান, সলজবুর্গ ও ডায়নামো জাগরেব; ‘জি’ গ্রুপে ম্যানসিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড ও এফসি কোপেনহেগেন এবং ‘এইচ’ গ্রুপে লড়বে পিএসজি, জুভেন্টাস, বেনফিকা ও ম্যাকাবি হাইফা।

 

ম্যানসিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড মুখোমুখি হবেন তার সাবেক দল বরুশিয়া ডর্টমুন্ডের।

 

ড্র অনুষ্ঠানে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। উয়েফার বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেয়া কার্লো অ্যানচেলত্তি, আর নারী বিভাগে এ সম্মান পেয়েছেন সদ্যই ইউরোপজয়ী ইংল্যান্ড জাতীয় দলের কোচ সারিনা উইগম্যান।

থিবো কোর্তো ও কেভিন ডি ব্রুইনকে হারিয়ে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেলাস হয়েছেন বর্ষসেরা নারী খেলোয়াড়।