ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর ২০ ওভারের সিরিজেও খেলা হবে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টিতে লিটনকে বেছে নিল বিসিবি।

আজ মঙ্গলবার রাতে ১৫ জনের দল ঘোষণা করে বিসিবি। এই দলে নতুন মুখ হিসেবে আছেন পেস বোলার রিপন মন্ডল।

ভারতের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াড থেকে এবার পরিবর্তন এসেছে মোট ৬টি। কুঁচকির চোটে দলে নেই তাওহীদ হৃদয়। ওই সিরিজের শেষ ম্যাচ খেলে টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ। মুস্তাফিজুর রহমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন। আরেক বামহাতি পেসার শরিফুল ইসলামও নেই। বাদ পড়েছেন স্পিনার রকিবুল হাসান। দলে ফিরেছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

সেন্ট ভিনসেন্টে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল।