শুরু হতে যাওয়া আফ্রিকান সুপার লিগ ফুটবল প্রতিযোগিতার জন্য ২০ কোটি ডলার স্পনসরশিপ চুক্তির বিষয়ে আলোচনায় রয়েছে সৌদি আরব। খবর অ্যারাবিয়ান বিজনেস।

এই অঞ্চলে ফুটবলের প্রতি আগ্রহ ও আয় বাড়ানো টুর্নামেন্টটির লক্ষ্য। যা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) উন্নয়ন পরিকল্পনার একটি অংশ।

সিএএফের ২৪ দলের এই টুর্নামেন্টে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এর সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর সমর্থন রয়েছে। পাঁচ বছর ধরে সুপার লিগের পরিকল্পনা চলছে।

গত বছর এই লিগের ঘোষণা আসে। তখন ইনফ্যান্টিনো বলেছিলেন, আফ্রিকান সুপার লিগ ১০ কোটি ডলার আয় করবে। এটি বিশ্বের সেরা দশ লিগের একটিতে পরিণত হবে।

এ ছাড়া আফ্রিকার দেশগুলোতে স্টেডিয়াম নির্মাণের জন্য ১০০ কোটি ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য রয়েছে তার।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, ২০২৪-২০২৫ মৌসুমের প্রথম দিকে সৌদি আরবের স্পন্সরশিপে টুর্নামেন্ট শুরু হতে পারে, প্রথমে থাকবে আটটি দল।

গত সপ্তাহে সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে সিএএফ। সেখানে বলা হয়, আফ্রিকান ও সৌদি আরব ফুটবলের উন্নয়নের জন্য এ পদক্ষেপ।

সিএএফ সভাপতি প্যাট্রিস মোটসেপে বলছেন, আফ্রিকা মহাদেশ ও বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নে জন্য সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ ও অংশীদারিত্ব করতে আগ্রহী আমরা।

গত বছর সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল জানিয়েছেন, সৌদি আরব ভবিষ্যতে বিশ্বকাপ আয়োজন করতে চায়। আপাতদৃষ্টে সেই লক্ষ্যে এগোচ্ছে দেশটি। সাম্প্রতিক বছরগুলো স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বড় ধরনের বিনিয়োগ করেছে সৌদি আরব। সেখানকার ক্লাবে খেলছে বিশ্বের নামী সব খেলোয়াড়।