পোর্ট এলিজাবেথ টেস্টে আজ তৃতীয় দিন ৫
উইকেটে ১৩৯ রান নিয়ে মাঠে নামা বাংলাদেশকে টানছেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। এ
দুজনের ৬০ রানের জুটিতে ভর করে দুশর কাছাকাছি পৌঁছে গেছে অতিথিরা। এ প্রতিবেদন
লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৮৩ রান। ইয়াসির ৪১ ও মুশফিক ৩৮ রানে
ব্যাট করছিলেন।
মুশফিক ৩০ ও ইয়াসির ৮ রানে অপরাজিত থেকে আজ ব্যাটিংয়ে নামেন। মুশফিক অনেকটা ধীরগতিতে এগোলেও ছুটছিলেন ইয়াসির। সকালে সিংহভাগ রানই তার ব্যাট থেকে এসেছে। এই ৪১ রান তিনি করেন ৬৮ বলের মোকাবেলায়, বাউন্ডারি মেরেছেন ৭টি। মুশফিকও সমান ৭ বাউন্ডারিতে সাজিয়েছেন ইনিংসটি, তিনি বল খেলেছেন ৮৫টি।
এর আগে দ্বিতীয় দিন কেশব মহারাজের ৮৪, ডিন এলগারের ৭০, তেম্বা বাভুমার ৬৭ ও কিগান পিটারসেনের ৬৪ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৫৩ রান তুলে অলআউট হয় প্রোটিয়ারা। তাইজুল ইসলাম ১৩৫ রানে ৬টি উইকেট শিকার করেন, যা দক্ষিণ আফ্রিকায় কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার।










