আগামীকাল প্যারিসের রোলাঁ গারোঁয় শুরু হচ্ছে টেনিসে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ‘ফ্রেঞ্চ ওপেন ২০২২’। প্রতিযোগিতার ১২৬তম আসরটি কাল শুরু হয়ে শেষ হবে আগামী ৫ জুন।

কভিডের টিকা না নেয়ায় এ বছর অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি ওই আসরের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেন এ ব্যাপারে নিয়ম শিথিল রাখায় গ্র্যান্ড স্লামে ফিরছেন সার্বিয়ান তারকা। প্রতিযোগিতায় পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়নও তিনি। তবে ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার খেলছেন না এ আসরে। খেলছেন না আমেরিকান তারকা সোফিয়া কেনিনও।

ইউক্রেনের ওপর আগ্রাসনের কারণে রাশিয়ার এবং তাদের সমর্থন দেয়ায় বেলারুশের প্রতিযোগীদের উইম্বলডন থেকে নিষিদ্ধ করেছিল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি)। এ নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। তবে সে পথে হাঁটেনি ফ্রান্স টেনিস কর্তৃপক্ষ। এ দুই দেশের প্রতিযোগীরা অনায়াসে খেলতে পারবেন রোলাঁ গারোঁয়।

সর্বোচ্চ ১৩টি শিরোপা জিতে রোলাঁ গারোঁর রাজা স্পেনের রাফায়েল নাদাল। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনেই তিনি টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২১টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের কীর্তি গড়েছেন। এবার নিজেকে আরো ছাড়িয়ে যাওয়ার মিশন টুর্নামেন্টের সবচেয়ে সফল তারকার সামনে।

অন্যদিকে ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচের সামনে সুযোগ থাকছে ফেদেরারকে (২০) ছাড়িয়ে নাদালের পাশে বসার। জোকোভিচ-নাদালদের সঙ্গে রাশিয়ার দানিল মেদভেদেভ, জার্মানির আলেকজান্ডার জেভেরেভ, গ্রিসের স্তেফানোস সিসিপাস, কানাডার ফেলিক্স অগার আলিয়াসিম ও সদ্য মাদ্রিদ ওপেন বিজয়ী স্পেনের কার্লোস আলকারাজের ওপর চোখ থাকবে সবার।

মেয়েদের এককে ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা উইলিয়ামস এই আসরে খেলবেন কিনা তা নিশ্চিত নয়। মেয়েদের এককে শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সিয়ানতেক, চেক রিপাবলিকের বারবোরা ক্রেজিকোভা, ব্রিটেনের এমা রাদুকানু ও আরিনা সাবালেঙ্কারা আবোর ফেভারিট হিসেবে খেলবেন।

এদিকে গত আসরের চেয়ে এবার প্রাইজমানি বাড়িয়েছে ফ্রান্স টেনিস। ২০২১ সালে প্রাইজমানি ছিল ৩ কোটি ৪৩ লাখ ইউরো, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩১৪ কোটি ৪১ লাখ টাকা। এবার প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৬০ লাখ ইউরো, বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪২০ কোটি টাকা। অর্থাৎ গতবারের চেয়ে প্রায় ১০৬ কোটি টাকা বেড়েছে।

এবার পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন পাবেন ১৬ লাখ ইউরো করে। রানার্সআপ পাবেন ৮ লাখ ইউরো করে। ফ্রেঞ্চ ওপেন