স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন না প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সেন্টার ব্যাক সার্জিও রামোস, লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকানতারা ও ম্যানইউর গোলকিপার ডেভিড ডে গিয়া। আজ কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন স্পেন কোচ লুই এনরিকে।

 

স্পেন স্কোয়াডে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় আইমেরিক লাপোর্তে ও রদ্রি। ব্রাইটনের রবার্ট সানচেজ ও ব্রেন্টফোর্ডের ডেভিড রায়াও আছেন স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে পঞ্চম খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেয়েছেন চেলসির সিজার আজপিলিকুয়েতা। যদিও চেলসির গোলকিপার কিপা আরিজাবালাহা কাতারগামী বিমানের টিকিট পাননি।

 

স্পেনের হয়ে ৪৫ ম্যাচ খেলা ডি গিয়া গত দুই বছর ধরে স্পেন দলে জায়গা পাচ্ছেন না। অন্যদিকে আলকানতারা সর্বশেষ স্পেনের হয়ে খেলেছেন ২০২১ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত আলকানতারা স্পেনের জার্সিতে ৪৬ ম্যাচ খেলেছেন।

 

‘ই’ গ্রুপে স্পেন খেলবে জার্মানি, কোস্টারিকা ও জাপানের সঙ্গে। ২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।