গত মাসে হওয়ার কথা ছিল স্কটল্যান্ড ও ইউক্রেনের ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমিফাইনাল। কিন্তু তার আগে থেকেই ইউক্রেনে চলছিল রাশিয়ার আগ্রাসন। সঙ্কটকালীন সময়ে ইউক্রেনের আবেদনে সেসময় ম্যাচটি স্থগিত করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার সেই ম্যাচটির সূচি নতুন করে চূড়ান্ত করেছে সংস্থাটি।
আগামী ১ জুন প্লে-অফের ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত ২৪ মার্চ হ্যাম্পডেন পার্কে হওয়ার কথা ছিল ম্যাচটি।
এ ম্যাচের জয়ী দল বিশ্বকাপের টিকিট পেতে লড়বে প্লে-অফ ফাইনালে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছে ওয়েলস। প্লে-অফের অন্য সেমিফাইনালে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে ওয়েলস। ৫ জুন কার্ডিফে ফাইনালের জয়ী দল চলে যাবে কাতার বিশ্বকাপে।
২০২২ ফুটবল বিশ্বকাপের ড্র অনুযায়ী এ প্লে-অফ ফাইনাল জয়ীকে ফিফা রেখেছে বিশ্বকাপের ‘বি’ গ্রুপে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ইংল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্রকে।










