আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে নামিবিয়াকে ৫২ রানে হারিয়ে গ্রুপ-টু’র পয়েন্ট টেবিলে দুইয়ে উঠল নিউজিল্যান্ড। রোববার নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেই নেট রানরেটের কোনো হিসাব ছাড়াই সেমিফাইনালে উত্তীর্ণ হবে ব্ল্যাকক্যাপসরা। কিন্তু তারা যদি আফগানিস্তানের কাছে হেরে যায়, তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। কাজেই, রোববারের ম্যাচটি দুই দলের জন্যই ‘কোয়ার্টার ফাইনাল’।
আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে ভালোই চাপে ফেলে নামিবিয়ার বোলাররা। ১৪ ওভারশেষে কিউইদের সংগ্রহ ছিল ৮৭/৪। সেখান থেকে দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ১৬৩ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেন গ্লেন ফিলিপস (২১ বলে ৩৯*) ও জেমস নিশাম (২৩ বলে ৩৫*)। এর আগে কেন উইলিয়ামসন ২৮, ড্যারিল মিচেল ১৯ ও মার্টিন গাপটিল ১৮ রান করেন। নামিবিয়ার বার্নার্ড স্কলত্জ, ডেভিড উইজে ও গেরহার্ড এরাসমাস একটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারশেষে ৭ উইকেটে ১১১ রান তুলতে সমর্থ হয় নামিবিয়া। মাইকেল ভন লিনগেন ২৬, জেন গ্রিন ২৩ ও স্টেফান বার্ড ২১ রান করেন। নিউজিল্যান্ডের টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট দুটি করে উইকেট নেন। ব্যাট হাতে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরা হন নিউজিল্যান্ডের নিশাম।
এই জয়ের পর ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠল নিউজিল্যান্ড, আর সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান। কিউইদের নেট রানরেট ১.২৭৭ আর আফগানদের ১.৪৮১।
আজ রাতের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ভারত। বাঁচা-মরার ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে বিরাট কোহলির দল। এ ম্যাচে হারলে বিদায় ভারতের, জিতলে টিকে থাকবে সেমিফাইনালের আশা। যদিও রোববার নিউজিল্যান্ড জিতে গেলে ভারতের টানা দুই ম্যাচ জিতেও কোনো লাভ হবে না।










