নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন জমজমাট লড়াই হলো। প্রথম দিন ৮ উইকেটে ৩১৯ রান তুলে নিয়েছে কিউইরা। যদিও শেষ দিকে বেশ কিছু উইকেট হারানোয় অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
৩ উইকেটে ১৯৯ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল নিউজিল্যান্ড। এরপর স্পিনার শোয়েব বশির চারটি উইকেট শিকার করে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান। ২০ ওভার বোলিং করে ৬৯ রানে চারটি উইকেট নেন তিন। এছাড়া গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স দুটি করে উইকেট নেন।
নিউজিল্যান্ডের হয়ে সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন ১৯৭ বলে ১০ বাউন্ডারিতে ৯৩ রান করে অ্যাটকিনসনের শিকার হন। এছাড়া অধিনায়ক টম ল্যাথাম ৪৭, গ্লেন ফিলিপস ৪১ ও রাচিন রবীন্দ্র ৩৪ রান করেন।
ল্যাথাম, রাচিন ও ড্যারিল মিচেলের সঙ্গে ফিফটি রানের পার্টনারশিপ গড়েন উইলিয়ামসন। যদিও শেষ দিকে উইকেট বিলিয়ে দেয় স্বাগতিক দলের ব্যাটাররা। তাতেই ইংলিশরা দিনশেষে হাসি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।
এই সিরিজে তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ৬ ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হবে দ্বিতীয় টেস্ট, ১৪ ডিসেম্বর থেকে হ্যামিল্টনে তৃতীয় ও শেষ টেস্ট।










