আইসিসি নারী টি২০ বিশ্বকাপে টানা
চার জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শনিবার রাতে স্বাগতিক দক্ষিণ
আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনালে
উঠেছে অজি নারীরা। আজ রাতে নিউজিল্যান্ডকে হারাতে পারলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে
শেষ চারে উঠবে শ্রীলংকা। তবে কিউই নারীরা জিতলে সুযোগ তৈরি হবে দক্ষিণ আফ্রিকার।
সেক্ষেত্রে মঙ্গলবার বাংলাদেশকে হারালে প্রোটিয়া নারীরা উঠে যাবে শেষ চারে।
উল্লেখ্য, টানা তিন চারে বাংলাদেশের সুযোগ আগেই শেষ হয়ে গেছে।
তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে
শ্রীলংকা। তারা হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার নামের পাশে
মাত্র ২ পয়েন্ট হলেও নেট রানরেটে (০.৬৮৫) শ্রীলংকা (-০.১৯৪) ও নিউজিল্যান্ডের
(-১.৫১৭) চেয়ে অনেকটা এগিয়ে তারা। তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে যাওয়া বাংলদেশের
ঝুলিতে শূন্য।
এদিকে, গ্রুপ-২ থেকে সেমিতে ওঠার
ক্ষেত্রে ফেভারিট ইংল্যান্ড, যারা তিনটিতেই জিতেছে। শনিবার ভারতকে হারিয়েছে ইংলিশ
নারীরা। এটাই ছিল তাদের সবচেয়ে শক্ত পরীক্ষা, যাতে ১১ রানের জয় পায় হিদার নাইটের
দল।
গ্রুপ-২ থেকে এখনো কারো টিকিট
নিশ্চিত হয়নি। সুযোগ আছে ইংল্যান্ড (৬), ভারত (৪), পাকিস্তান (২), ওয়েস্ট ইন্ডিজ
(২) সবারই। আজ সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। এশিয়ান দলটি
জিতলে তাদের ৪ পয়েন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে মঙ্গলবার শেষ ম্যাচে
পাকিস্তান-ইংল্যান্ড হয়ে উঠবে ‘নকআউট’। সোমবার ভারতের শেষ প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দুটি
সেমিফাইনাল, এরপর ২৬ ফেব্রুয়ারি ফাইনাল।










