স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াই থেকে অনেকটা ছিটকে পড়ছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলকে ৫-২ ব্যবধানে হারানোর পর কঠিন একটা সপ্তাহ শেষ করলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কোপা দেল রেতে বার্সেলোনার কাছে ১-০ গোলে হারের পর লা লিগাতে পয়েন্ট হারিয়েছে। বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করায় শিরোপা দৌড় থেকে আরো পিছিয়ে পড়েছে তারা।
৬২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষেই আছে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান ৯। যারা টানা ড্রয়ে নিজেদের এই অবস্থানে নিয়ে এসেছে। সমান ২৪ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৫৩।
লা লিগার ইতিহাস বলছে, ২৪ ম্যাচ শেষে ৯ পয়েন্টে এগিয়ে থাকা কেউ শিরোপা হারায়নি। যার অর্থ, এবার বার্সেলোনার শিরোপা জয় নিশ্চিত। বিপরীতে দৌড় থেকে ছিটকে গেছে রিয়াল।
বেতিসের সঙ্গে ড্র করার পর লা লিগা শিরোপা জয় করা সম্ভব হবে না বলে অপকটে স্বীকারও করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘আমি দেখছি, লিগ জেতা এখন আমাদের জন্য খুব কঠিন একটি কাজে পরিণত হয়েছে। যতটা না রাগ লাগছে, তার চেয়ে বেশি লাগছে হতাশা। এ দলটা টানা তিন ম্যাচে ওপেন প্লে থেকে গোল করতে পারছে না। সমস্যাটা কী, তা জানি। এখন আমাদের আরো দক্ষ হয়ে উঠতে হবে।’










