টম ল্যাথাম ও মিচেল স্যান্টনারের ফিফটিতে হ্যামিলটন টেস্টের প্রথম দিন ৯ উইকেটে ৩১৫ রান তুলেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন টেস্টে দাপটে জিতে সিরিজে ২-০তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কিউইদের জন্য এখন হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। আজ শনিবার সকালে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়াং। দুজন ১০৫ রান যোগ করে বিচ্ছিন্ন হন। ইয়াং ৪২ রান করে গাস অ্যাটকিনসনের শিকার হন। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে ৩৭ রান যোগ করে সাজঘরের পথ ধরেন অধিনায়ক ল্যাথাম। ১৩৫ বলে ৬৩ রান করে তিনি ম্যাথিউ পটসের বলে উইকেটকিপার ওলি পোপকে ক্যাচ দেন (১৪২/২)।
মাঝে রাচিন (১৮), কেন উইলিয়ামসন (৪৪), টম ব্লান্ডেল (২১) ও শেষ দিকে মিচেল স্যান্টনার (৫০*) এবং টিম সাউদির (১০ বলে ২৩) ব্যাটে ভর করে তিনশ পেরোতে সমর্থ হয় কিউইরা। ক্যারিয়ারের বিদায়ী টেস্ট খেলা সাউদি তিন ছক্কায় ২৩ রান করেন। ১০৭ টেস্টের ক্যারিয়ারে ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ম্যাথিউ পটস ও গাস অ্যাটকিনসন উভয়েই তিনটি করে এবং ব্রাইডন কার্স দুটি উইকেট নেন। অধিনায়ক বেন স্টোকস নেন একটি উইকেট।










