পারিশ্রমিক না পেয়ে দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা অনুশীলন বয়কট করেছেন—বিপিএলে গত দুইদিন ধরে তুমুল আলোচনায় ছিল এই খবর। যদিও আজ শুক্রবার চট্টগ্রামে দারুণ এক জয়ে আপাতত সব বিতর্ককে দূরে সরাল দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৪ রান তোলে রাজশাহী। এই রান তাড়া করতে নেমে সানজামুল ইসলামের ঘূর্ণিতে বেসামাল সিলেট ১১৯ রানে গুটিয়ে যায়।

রায়ান বার্ল (২৭ বলে ৪১), এনামুল হক (২২ বলে ৩২), জিশান আলম (১৮ বলে ২০) ও মোহাম্মদ হারিসের (১৪ বলে ১৯) ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী (১৮৪/৭)। সিলেটের রুয়েল মিয়া ৩২ রানে ৩টি, নাহিদুল ইসলাম ২০ রানে ২টি ও নিহাদুজ্জামান ৩৭ রানে ২টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে সানজামুলের ঘূর্ণির পাশাপাশি তাসকিন আহমেদ (২/১৪), মৃত্যুঞ্জয় চৌধুরী (২/১৬) ও আফতাব আলমের (২/২৪) পেস তোপের মুখে পড়ে ১৭.৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট। জাকির হাসান ২৮ বলে ৩৯ ও জাকের আলী ২০ বলে ৩১ রান করেন। ম্যাচসেরা হয়েছেন রাজশাহীর সানজামুল ইসলাম।

৭ ম্যাচে এটা রাজশাহীর তৃতীয় জয়। তারা রয়েছে টেবিলের চারে। সিলেট সমান ৭ ম্যাচ খেলে ২টি জিতে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে।

আজ সন্ধ্যার ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম কিংস। প্রথম দুই ওভারে বিনা উইকেটে ৪ রান তুলেছে রংপুর।