আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই ইস্যুতে বাংলাদেশের পাশে শক্তভাবে দাঁড়াল পাকিস্তান। বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। খবর জিও সুপার।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক এবং বৈধ বলেও অভিহিত করেছে তারা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিসিবি।

বোর্ড কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সম্মানজনক কোনো সমাধান না করতে পারে, তবে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয় সেজন্য টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে।

‘জিও সুপার’-এর সূত্র জানিয়েছে, বাংলাদেশ সংক্রান্ত এই ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও নিজস্ব অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে পারে পিসিবি। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে, তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে। নয়তো বিশ্বকাপের আগে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট।