‘হাইব্রিড’ মডেলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। আগামী ২২ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ও একই মাঠে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাচ্ছে না বলে এবারের আসরটি ‘হাইব্রিড’ মডেলে করতে বাধ্য হয়েছে আইসিসি। ভারতের ম্যাচগুলো রাখা হয়েছে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানের।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসরের।

‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড এবং ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান প্রতিদ্বন্দ্বিতা করছে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। একটি সেমিফাইনালের ভেন্যু দুবাই, আরেকটি লাহোর। ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটি হবে ৪ মার্চ দুবাইয়ে আর পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা ৫ মার্চ খেলবে করাচিতে। একইভাবে ফাইনালে ভারত উঠলে সেটি চলে যাবে দুবাইয়ে, অন্যথায় লাহোরে। ৯ মার্চ ফাইনাল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ও ভারত দুবার করে শিরোপা জিতে সফলতম দল। ২০০৬ ও ২০০৯ সালে টানা দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। ২০০২ সালে শ্রীলংকার সঙ্গে শিরোপা ভাগাভাগি করে ভারত। এরপর ২০১৪ সালে বার্মিংহামে আরেকবার শিরোপা জয় করে তারা। এর বাইরে দক্ষিণ আফ্রিকা (১৯৯৮, ঢাকা), নিউজিল্যান্ড (২০০০, নাইরোবি), ওয়েস্ট ইন্ডিজ (২০০৪, লন্ডন) ও পাকিস্তান (২০১৭, লন্ডন) চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার স্বাদ পেয়েছে।

২০১৭ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে। এটা চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ১৯ দিনের এই আসরে আটটি দল অংশ নিচ্ছে। মোট ম্যাচ ১৫টি।