বল হাতে দুই ইনিংসে যথাক্রমে ৭ রানে ৩টি ও ৮৫ রানে ৪টি উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার। লড়েছেন ব্যাট হাতে। দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৭৬ ও ৪৯ রানের দুটি কার্যকর ইনিংস। ব্যাট-বলে দারুণ পারঙ্গমতা দেখিয়ে হ্যামিল্টন টেস্টের নায়ক তিনিই। এই টেস্টে ইংল্যান্ডকে ৪২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। টিম সাউদির বিদায়ী টেস্টে দারুণ উপহারই দিলেন স্যান্টনার।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৪৭ ও দ্বিতীয় ইনিংসে ৪৫৩ রান করে। জবাবে ইংলিশরা প্রথম ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তোলে ২৩৪ রান। ৬৫৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইংলিশরা ২ উইকেটে ১৮ রান তুলে সোমবার মাঠ ছাড়ে। আজ মঙ্গলবার ২৩৪ রানে গুটিয়ে যায় দলটি। জ্যাকব বেথেল ৭৬ ও জো রুট ৫৪ রান করেন। স্যান্টনারের ৪ উইকেটে পাশাপাশি ম্যাট হেনরি ও সাউদি দুটি করে এবং উইলিয়াম ও’রুর্ক একটি উইকেট নেন। এই টেস্টে হারলেও ২-১-এ সিরিজ জিতেছে বেন স্টোকসের ইংল্যান্ড।
আজ জয়ের মধ্য দিয়ে শেষ হলো সাউদির ১০৭ টেস্টের ক্যারিয়ার। এ যাত্রায় তিনি ৩৯১ উইকেট নিয়েছেন, রান করেছেন ২ হাজার ২২৫। তিনি টেস্টে চতুর্থ সর্বোচ্চ ৯৮টি ছক্কা মেরেছেন। তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধু বেন স্টোকস (১৩৩), ব্রেন্ডন ম্যাককালাম (১০৭) ও অ্যাডাম গিলক্রিস্ট (১০০)।
আজ ম্যাচ শেষে সবার মধ্যমণি ছিলেন সাউদি। ম্যাচসেরা স্যান্টনার বললেন, ‘প্রত্যেকেই টিম সাউদিকে মিস করব। তিনি আমাদের একজন অবিশ্বাস্য খেলোয়াড় ছিলেন।’
নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা ক্রিকেটার খ্যাত স্যার রিচার্ড হ্যাডলির হাত থেকে বিশেষ স্মারক পেলেন সাউদি। টেস্টে সাউদির চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু এই হ্যাডলি। ৮৬ ম্যাচে ৪৩১ উইকেট নিয়েছেন তিনি। আজ অবসর নেয়া সাউদিকে ‘সত্যিকারের এক চ্যাম্পিয়ন’ হিসেবে অভিহিত করেছেন সাউদিকে।










