টানা আট জয়ের পর টানা চার হার! দলটির নাম রংপুর রাইডার্স। আগেই প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলা দলটি আজ বৃহস্পতিবার রাউন্ড রবিন লিগ ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরেছে ৪৬ রানে। এই হারে রংপুরের প্লে-অফে খেলার বাধাগ্রস্ত না হলেও তাদের টেবিলের তিনে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অন্যদিকে, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো খুলনা এখন প্লে-অফের স্বপ্ন দেখতে শুরু করেছে। শনিবার ঢাকা ক্যাপিটালতে হারালেই তারা উঠে যাবে প্লে-অফে।
এদিকে, আজ সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠে যেতে পারে চট্টগ্রাম কিংস। হারলেও সমস্যা নেই। শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে আরেকটি সুযোগ পাবে তারা। এমনকি পরের দুই ম্যাচে হারলেও তারা শেষ চারে উঠে যেতে পারে, কেননা দলটির রয়েছে শ্রেয়তর নিট রানরেট।
কিংসের নিট রানরেট (+১.০৬৮), রাজশাহীর (-১.০৩০) ও খুলনার (+০.০৫০)। অর্থ্যাৎ শনিবার খুলনা জিতলেই টপকে যাবে রাজশাহীকে।
আজ নাইম শেখের সেঞ্চুরিতে রংপুরকে হারায় খুলনা। নাইম ৫৫ বলে করেন এবারের বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। এটা চলতি আসরের অষ্টম সেঞ্চুরি। ৬২ বলে ৭ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১১১ রানের হার না মানা ইনিংস খেলে খুলনাকে ২২০ রানের পুঁজি এনে দেন এই বামহাতি ব্যাটার। এছাড়া উইলিয়াম বোসিস্টো ২১ বলে ৩৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ বলে ২৯ রান করেন। রান তাড়া করতে নেমে সৌম্য সরকারের ফিফটির (৪৮ বলে ৭৪) পরও ৯ উইকেটে ১৭৩ রান তুলতে সমর্থ হয় রংপুর।
হার দিয়েই রাউন্ড রবিন লিগ মিশন শেষ হলো রংপুরের। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে অবস্থান করছে। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বরিশাল। অথচ শুরু থেকে আট ম্যাচ পর্যন্ত রংপুরই ছিল শীর্ষে।










