নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলতে গিয়ে উপমহাদেশের দলগুলোর ধুঁকতে থাকার চিত্র নিয়মিতই দেখা যায়। তবে শ্রীলংকা অনেকট সাহসিকতার পরিচয় দিল। আজ ক্রাইস্টচার্চ টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন ৭৫ ওভারেই তিনশোর্ধ্ব রান সংগ্রহ করার কৃতিত্ব দেখাল সিংহলিজরা। ৬ উইকেটে ৩০৫ রান তুলে নিয়ে প্রথম দিন মাঠ ছাড়ে তারা।

 

এদিন ৪৭ রান করে শ্রীলংকার তৃতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১০১ টেস্টে তার রান এখন ঠিক ৭ হাজার। এদিন তিনি টপকে যান সনাথ জয়সুরিয়াকে (৬,৯৭৩ রান)। এক ও দুইয়ে অবস্থান করছেন যথাক্রমে কুমার সাঙ্গাকারা (১২,৪০০ রান) ও মাহেলা জয়াবর্ধনে (১১,৮১৪ রান)।

 

আজ ১৪ রানের মাথায় ওশাদা ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলংকা। এরপর কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে দ্বিতীয় উইকেট জুটিতে ১৫৬ বলে ১৩৭ রানের দুর্দান্ত এক জুটিতে স্বাগতিকদের ওপর চাপ তৈরি করেন।

 

মেন্ডিস তার ৮৭ রানের মধ্যে ৬৪ রানই তুলেছেন বাউন্ডারির সাহায্যে, যা মোট রানের ৭৩ শতাংশ। করুনারত্নে ৮৭ বলে ৫০ রান করেন সাত বাউন্ডারিতে। এছাড়া ম্যাথুজ (৪৭), দিনেশ চান্দিমাল (৩৯) ও ধনঞ্জয়া ডি সিলভারা (৩৯*) প্রত্যেকেই রান পেয়েছেন। ম্যাথুজ ও চান্দিমাল চতুর্থ উইকেটে ১৪১ বল খেলে বোর্ডে যোগ করেন মূল্যবান ৮২ রান। আর ৪৪ বলে ৩৭ রান করে অবিচ্ছিন্ন রয়েছেন ধনঞ্জয়া ও কাসুন রাজিথা। শুক্রবার সকালে নিজের ও দলের ইনিংসটা বড় করার সুযোগ পাবেন ধনঞ্জয়া।

 

সকালের সেশনের দ্বিতীয় ঘণ্টায় রান চেক দিকে পারেনি নিউজিল্যান্ড বোলাররা। সব মিলে প্রথম সেশনে ২১ ওভারে লংকানরা তুলেছে ১২০ রান। টিম সাউদি (৩/৪৪) ও ম্যাট হেনরি (২/৬৫) ভালো করলেও রান নিয়ন্ত্রণ করতে পারেননি ব্লেয়ার টিংকার (০/৮৮) ও নেইল ওয়াগনার (০/৬৮)।