গতকাল রাতে সুইজারল্যান্ডের জুরিখে ভার্চুয়াল অনুষ্ঠানে ফিফা বর্ষসেরা খেলোয়াড় ও একাদশের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ফুটবল (ফিফা)। লিওনেল মেসি, রবের্ত লেভানদোভস্কি ও মোহাম্মদ সালাহ ছিলেন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারের দৌড়ে। যদিও শেষ হাসি হেসেছেন পোলিশ সুপারস্টার লেভানদোভস্কি। তবে অবাক করা বিষয়, ফিফা বর্ষসেরা একাদশে মেসি ও লেভানদোভস্কি থাকলেও জায়গা হয়নি সালাহর। এছাড়াও জায়গা হয়নি কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রদের মতো তারকাদের।

জায়গা পেয়েছেন চারজন স্ট্রাইকার। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এর্লিং ব্রট হাল্যান্ড ও রবের্ত লেভানদোভস্কি। 

সেরা একাদশের গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে ইতালির হয়ে ইউরোজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মাকে। গত মৌসুমে ইতালিয়ান সিরি-আ লিগে এসি মিলানের রানার্সআপ হওয়ার পেছনে ইতালিয়ান এই গোলরক্ষকের অবদান অনেক। অথচ বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন চেলসিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এডুয়ার্ড মেন্ডি।

মিডফিল্ডার হিসেবে আছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে, চেলসির এনগোলো কান্তে ও জর্জিনহো। ডিফেন্ডারের ভূমিকায় ম্যানসিটির রুবেন দিয়াস, জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি ও বায়ার্ন মিউনিখের সাবেক ও বর্তমান রিয়াল মাদ্রিদের ডেভিড আলাবা (অস্ট্রিয়া।

ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের হিসেব করলে ফিফার একাদশে দাপট দেখা গেল ইংলিশ প্রিমিয়ার লিগের। একাদশে জায়গা করে নেয়াদের মধ্যে পাঁচজন খেলেন ইংলিশ লিগে। তবে একক কোনো ক্লাবের অধিপত্য এবারের একাদশে দেখা যায়নি।

ফিফা বর্ষসেরা একাদশ

গোলরক্ষক: জিয়ানলুইজ দোনারুম্মা

ডিফেন্ডার: ডেভিড আলাবা, রুবেন দিয়াজ, লিওনার্দো বনুচ্চি

মিডফিল্ডার: জর্জিনহো, এনগোলো কান্তে, কেভিন ডি ব্রুইনে

ফরয়োর্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, এর্লিং হাল্যান্ড, রবার্ট লেভানদোভস্কি, লিওনেল মেসি