আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। আজ সেন্ট কিটসে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে নিগার সুলতানার দল। প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১২টায়।

আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে অন্য সব দলের ২৪টি করে ম্যাচ শেষ। স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। অন্য দুটি দলকে পেরিয়ে আসতে হবে বাছাইপর্ব। ১০ দলের আসরে ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার সাতে। ছয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২১, শ্রীলংকা ২২ পয়েন্ট নিয়ে পাঁচে। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচ জিতলে নিশ্চিতভাবেই সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। সুযোগ থাকবে এমনকি একটি জিতলেও।

খেলা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হলেও বিশ্বকাপে ওঠার লড়াই এখন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে সীমিত। ১৭ পয়েন্ট পাওয়া পাকিস্তান, ১৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ ও ৮ পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ডের সম্ভাবনা আগেই শেষ। তাদের খেলতে হবে বাছাইপর্ব। বাছাইয়ে এই তিন দলের সঙ্গী হবে বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ড। কিউই নারীদের ছিটকে দিয়ে নিগাররা পারবেন কি বিশ্বকাপে উঠতে?

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ, প্রথম দ্বিপাক্ষিক লড়াইও। তবু আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নিগার। তিনি বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ সিরিজ এটা আমাদের জন্য। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য মহামূল্যবান পয়েন্ট প্রয়োজন আমাদের। আমাদের জন্য তাই দারুণ গুরুত্বপূর্ণ সিরিজ। মেয়েদের মনোযোগ প্রবল। আমরা ওয়ানডে সিরিজ শুরুর জন্য মুখিয়ে আছি। দলের জন্য এটা বড় সুযোগ কিছু পয়েন্ট আদায় করে নেয়ার ও বিশ্বকাপের পথে এগিয়ে যাওয়ার। কেউ চায় না বাছাইপর্ব খেলতে, কারণ তা খুবই ক্লান্তিকর। আমরা এই সুযোগ লুফে নিতে চাই। আমাদের দলটি খুব ভালো।’

২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ছাড়া ওয়েস্ট ইন্ডিজে আর খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। তবে এবার ভালো প্রস্তুতি হওয়ায় আত্মবিশ্বাসী নিগারের দল। অথিনায়ক বলেন, ‘এখানে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। বেশ আগে এখানে এসেছি আমরা। দুটি দিন এখানে অনুশীলন করেছি আমরা। মেয়েরা ভালো করছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০২২ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডে মাঠে মাত্র চার রানে হেরে গিয়েছিল নিগারের দল।

ওয়ানডে সিরিজ শেষে সেন্ট কিটসেই ক্যারিবীয়দের সঙ্গে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।