অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের ১৫তম আসর শুরু আজ। ৮ দলের এবারের আসরে থাকছেন একজন বাংলাদেশের প্রতিনিধিও। জাতীয় দলের তারকা রিশাদ হোসেন খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনসের হয়ে। সম্প্রতি হোবার্টের জার্সি গায়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অবশেষে হোবার্ট হারিকেনসের পোশাক পরেছি—এটা গায়ে চাপিয়ে অসাধারণ লাগছে। চোখ রাখছি খেলায়।’
পার্থ স্কোরচার্স-সিডনি সিক্সার্স ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। আগামীকাল দ্বিতীয় দিন মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিট। মঙ্গলবার তৃতীয় দিন মাঠে নামছে রিশাদের হোবার্ট। নিজেদের মাঠ বেলেরিভ ওভালে সিডনি থান্ডারের মুখোমুখি হবে দলটি। হোবার্টের প্রথম ম্যাচেই একাদশে দেখা যেতে পারে রিশাদকে।
‘প্রথম’ বলেই একটু বেশি উচ্ছ্বসিত, রোমাঞ্চিত রিশাদ। কেনই বা হবেন না? আইপিএলের পরে সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ বলেই এখানে খেলতে পারাটা সব ক্রিকেটারের জন্য গৌরবের, স্বপ্নের মতো ব্যাপার। তাই তো বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাশ খেলতে গেছেন রিশাদ। আর মাত্র ১২ দিন পর শুরু হবে বিপিএল। রিশাদ এ আসর রেখে বিগ ব্যাশকে বেছে নিয়েছেন।
বিগ ব্যাশে প্রথম খেলার অভিজ্ঞতা আরো আগেই হতে পারত রিশাদের। ২০২৪ সালে তাকে ড্রাফট থেকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেনস। কিন্তু বিপিএলের কমিটমেন্টের কারণে সেবার অস্ট্রেলিয়ার নামি এ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাকে। এবার কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাননি। বিগ ব্যাশে খেলার বিষয়টি আগেই ঠিক করে রেখেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছেন। ২৩ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডারের অপেক্ষার অবসান ঘটছে। চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে উদগ্রীব হয়ে আছেন তিনি।
এর আগে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলেছেন নন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে খেলবেন রিশাদ। বাংলাদেশ জাতীয় দলে ২২ নম্বর জার্সি পরে খেলেন রিশাদ। হোবার্টে পেয়েছেন ২ নম্বর জার্সি।
সাকিব অবশ্য বিগ ব্যাশে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০১৩-১৪ আসরে বদলি হিসেবে অ্যাডিলেড স্ট্রাইকার্সে দুটি ম্যাচ খেলেছিলেন। পরের মৌসুমে তিনি চারটি ম্যাচ খেলেছিলেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। রিশাদ অবশ্য প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবেই হোবার্টের সঙ্গে থাকছেন পুরো মৌসুমই।
হোবার্টের স্কোয়াডে বিদেশী তিনজন—রিশাদ এবং ইংল্যান্ডের স্পিনার রেহান আহমেদ ও পেসার ক্রিস জর্ডান। ২১ বছর বয়সী রেহানও লেগ স্পিনার। অভিজ্ঞ ক্রিস জর্ডান টি-টোয়েন্টিতে পরিচিত মুখ। গত মৌসুমে হোবার্টের হয়ে খেলে ৯ ম্যাচে ৭ উইকেট নেন তিনি।
হোবার্টে রিশাদের অস্ট্রেলিয়ান সতীর্থ হিসেবে আছেন টিম ডেভিড, জ্যাক ওয়েদেরাল্ড, ম্যাক রাইট, নিখিল চৌধুরী, মিচেল ওয়েন, বাউ ওয়েবস্টার, বেন ম্যাকডারমট, ম্যাথু ওয়েড, মার্কাস বিন, ইয়ান কার্লাইল, ন্যাথান এলিস, রাইলি মেরেডিথ, বিলি স্টেনলেক। ম্যাকডারমট দলটির ইতিহাসে সর্বোচ্চ ২ হাজার ৭৪৩ রান করেছেন, আর সর্বোচ্চ ১০৩টি উইকেট নিয়েছেন মেরেডিথ।
হোবার্টের প্রধান কোচ হিসেবে আছেন জেফ ভন। তার কোচিংয়েই গত আসরে প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিতেছে দলটি। রিশাদকে দলে নেয়ায় ভূমিকা রাখেন অবশ্য রিকি পন্টিং, যিনি দলটির ‘হেড অব স্ট্র্যাটেজি’ হিসেবে কাজ করছেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশের কোনো লিগে খেলবেন রিশাদ। এ বছরই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে কালান্দার্সকে শিরোপা জিততে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের উঠতি তারকা রিশাদ। কালান্দার্সের তার সতীর্থ ছিলেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও।
২৫ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে এ বছর বাংলাদেশের সফলতম টি-টোয়েন্টি বোলার রিশাদ। গত বছরও দেশের সর্বোচ্চ উইকেট (২৪ ম্যাচে ৩৫টি) ছিল তারই দখলে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরে ৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করার কীর্তি গড়েছিলেন তিনি। বাংলাদেশ গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছিল সুপার এইটে। যদিও সেখান থেকে সেমিফাইনালে আর যাওয়া হয়নি। তবে রিশাদের ঝলমলে পারফরম্যান্স নজর কাড়ে। সে বছরই ডাক পড়ে বিগ ব্যাশ থেকে। যদিও হোবার্টে নাম লিখিয়েও শেষ পর্যন্ত খেলা হয়নি। এবার অভিষেক হতে যাচ্ছে তার।
গত অক্টোবরে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেন রিশাদ। বল হাতে ১৪ বলে ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৯ রানের হার না মানা ইনিংস খেলে দলকে এনে দেন ২১৩ রানের পুঁজি। জবাবে তার ঘূর্ণির মায়াজালে বিভ্রান্ত হন ক্যারিবীয়রা। তারা ৯ উইকেটে ঠিক ২১৩ রান তুলতে সমর্থ হলে ম্যাচটি ‘টাই’ হয়ে যায়। পরে সুপার ওভারে হেরেছে বাংলাদেশ। তবে ৩৯ রানের টর্নেডো ইনিংস আর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচটা স্মরণীয় করে রাখেন রিশাদ।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫৫ টি-টোয়েন্টিতে ৭১ উইকেট ও ১৪ ওয়ানডেতে ২২ উইকেট নিয়েছেন সম্ভাবনাময় এ লেগ স্পিনার। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৯৬ ম্যাচে তার শিকার ১০৯ উইকেট। এবার টি-টোয়েন্টির অন্যতম শীর্ষ টুর্নামেন্ট বিগ ব্যাশে নিজেকে মেলে ধরার সুযোগ এসেছে তার সামনে।










